সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের পরিচালক থাকাকালে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগ সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি স্পষ্ট করেছেন যে, পুঙ্খানুপুঙ্খ তদন্ত শেষে জনস্বার্থ বিবেচনায় আইন অনুযায়ী এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

রোববার (২৬ জুলাই) দুপুরে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির উদ্যোগে আয়োজিত নবীন আইনজীবীদের বরণ ও প্রশিক্ষণ কর্মশালা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, সরকার কোনো ব্যক্তির প্রতি অবিচার বা অন্যায় করতে চায় না। তবে প্রাপ্ত অভিযোগগুলোর সত্যতা যাচাই করা হচ্ছে এবং তদন্তে দোষ প্রমাণিত হলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া নতুন রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, সংবিধানের সুনির্দিষ্ট বিধান ও সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করেই পরবর্তী কার্যক্রম পরিচালিত হবে।

অর্থ পাচার ও বিগত সরকারের দুর্নীতির চিত্র

অনুষ্ঠানে বিগত সরকারের আমলের বিভিন্ন দুর্নীতির চিত্র তুলে ধরে আইনমন্ত্রী দাবি করেন, গত ১৬ বছরে বাংলাদেশ থেকে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার বিদেশে পাচার করা হয়েছে, যা দেশের দুই থেকে তিনটি জাতীয় বাজেটের সমান। এ সময় তিনি সুনির্দিষ্ট কিছু দুর্নীতির উদাহরণ টেনে বলেন, খুলনায় পৌনে চার কিলোমিটার সড়ক নির্মাণে ২৮০ কোটি টাকা বরাদ্দ এবং পিরোজপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সাড়ে তিন হাজার কোটি টাকার প্রকল্পে কেবল কাগজে-কলমে উন্নয়ন দেখিয়ে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করা হয়েছে।

জুলাই অভ্যুত্থানের মামলা ও নবীন আইনজীবীদের প্রতি বার্তা

জুলাই অভ্যুত্থান-সংক্রান্ত মামলাগুলো সম্পর্কে আইনমন্ত্রী জানান, এই মামলাগুলো দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের মাধ্যমে দ্রুত নিষ্পত্তির বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বর্তমানে মিথ্যা মামলার প্রবণতা আগের তুলনায় অনেক কমে এসেছে বলে তিনি উল্লেখ করেন।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির আয়োজিত এই কর্মশালায় প্রায় ১ হাজার ৫৪ জন নবীন আইনজীবী অংশ নেন। অনুষ্ঠানে নবীন আইনজীবীদের উদ্দেশে আইনমন্ত্রী বলেন, আইন পেশায় সফল হওয়ার কোনো শর্টকাট বা সহজ পথ নেই। নিয়মিত অধ্যয়ন, দক্ষতা অর্জন, পেশাগত সততা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার মানসিকতা নিয়েই তাদের এগিয়ে যেতে হবে। এ সময় নিজের রাজনৈতিক দলের কেউ হলেও দুর্নীতির বিরুদ্ধে আপসহীন অবস্থান নেওয়ার জোরালো আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে আইনজীবীদের পেশাগত নৈতিকতা, দায়িত্ববোধ ও সামাজিক মর্যাদা রক্ষার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

জেএস