প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। একই সঙ্গে সৌদি যুবরাজ বাংলাদেশ সফরেরও আগ্রহ প্রকাশ করেছেন।

সোমবার (৬ জুলাই) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এই আমন্ত্রণপত্র হস্তান্তর করা হয়।

ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ. বিন আবিয়া প্রধানমন্ত্রীর হাতে এই আমন্ত্রণপত্র তুলে দেন। পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেন।

উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, সৌদি যুবরাজ প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন। পাশাপাশি তিনি বাংলাদেশ সফরের বিষয়েও গভীর আগ্রহ প্রকাশ করেছেন।

সফরের সময়সূচি সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি জানান, প্রধানমন্ত্রীর সৌদি আরব সফরের সম্ভাব্য তারিখ এখনও চূড়ান্ত হয়নি। দুই দেশের সরকারের মধ্যে আলোচনার মাধ্যমে সফরের সময়সূচি নির্ধারণ করা হবে এবং পরবর্তীতে তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে এই সৌজন্য সাক্ষাতে বাংলাদেশ ও সৌদি আরবের দ্বিপক্ষীয় সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং ঢাকায় নিযুক্ত সৌদি আরবের উপ-রাষ্ট্রদূত ইব্রাহিম আবদুল্লাহ।

জেএস