ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় একটি গাছ সরানোকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত ৪০ জন আহত হয়েছেন।

সোমবার (৬ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের শ্যামবাড়ি ও বাদৈর ইউনিয়নের হাতুড়াবাড়ি গ্রামবাসীর মধ্যে এই সংঘর্ষের সূত্রপাত হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামের অভ্যন্তরীণ সড়কে পড়ে থাকা একটি গাছ সরানো নিয়ে সিএনজিচালিত অটোরিকশাচালকদের দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়। পরবর্তীতে এই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে বিরোধ ছড়িয়ে পড়ে। একপর্যায়ে মসজিদের মাইকে ঘোষণা দেওয়ার পর উভয় পক্ষের মানুষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়লে ব্যাপক ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

সংঘর্ষে উভয় পক্ষের প্রায় ৪০ জন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে, তবে স্থানীয়দের আশঙ্কা আহতের সংখ্যা আরও বাড়তে পারে। খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করেন। এলাকায় বর্তমানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন কসবা থানার ওসি আলী মোহাম্মদ রাশেদ।

জেএস