জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের চেতনা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া এবং বৈষম্যহীন বাংলাদেশ গঠনের প্রত্যয় পুনর্ব্যক্ত করে রাঙামাটির কাপ্তাইয়ে জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ ‘কিন্নরী’তে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুল ইসলাম।
পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে গীতা, ত্রিপিটক ও বাইবেল থেকে পাঠ করা হয়। উপজেলা সহকারী তথ্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সাবেক উপজেলা চেয়ারম্যান মো. দিলদার হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এনামুল হক হাজারী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা, কাপ্তাই থানার ওসি শেখ মো. মাহমুদুল হাসান রুবেল, বিএনপি রাঙামাটি জেলা শাখার সহ সভাপতি ডা. রহমত উল্ল্যাহ, কাপ্তাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন বাংলাদেশ জামায়াতে ইসলামী কাপ্তাই উপজেলা আমির মো. হারুনুর রশিদ এবং জুলাই যোদ্ধার পিতা মো. ইউছুপ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুল ইসলাম বলেন, জুলাইয়ের শহীদদের আত্মত্যাগ দেশের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। তাঁদের ত্যাগের চেতনা ধারণ করে ন্যায়, সমতা ও মানবিক মূল্যবোধসম্পন্ন রাষ্ট্র গঠনে সবাইকে একযোগে কাজ করতে হবে।
তিনি নতুন প্রজন্মের কাছে জুলাইয়ের ইতিহাস সঠিকভাবে তুলে ধরা এবং শহীদ পরিবারের প্রতি রাষ্ট্রের দায়িত্ব যথাযথভাবে পালনের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং সুধীজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে জুলাই শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
ইউ