বিমানবন্দরে লাল গালিচা সংবর্ধনামেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল

ছবি: সংগৃহীত
বিশ্বজয়ের ট্রফি ধরে রাখতে না পারার গ্লানি নিয়ে যুক্তরাষ্ট্রের মাটিতে ফাইনাল হারের পর নিজ দেশে ফিরেছে আর্জেন্টিনা ফুটবল দল। তবে রানার্স-আপ হয়ে ফেরা এই বহরে ছিলেন না দলের সবচেয়ে বড় তারকা ও অধিনায়ক লিওনেল মেসি এবং আরও কয়েকজন ফুটবলার।
সোমবার (২০ জুলাই) বুয়েনস আইরেসের এজেইজা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে স্কালোনির শিষ্যরা। রানওয়েতেই কোচ লিওনেল স্কালোনি ও দলটিকে লাল গালিচা সংবর্ধনা এবং মিলিটারি ব্যান্ড দিয়ে স্বাগত জানায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।
বিমানবন্দরে সমর্থকদের উষ্ণ অভ্যর্থনা
এএফএ আগেই জানিয়েছিল যে স্কোয়াডের সব সদস্য এই ফ্লাইটে থাকবেন না। অধিনায়ক মেসি যুক্তরাষ্ট্রেই থেকে যাওয়ায় বিমানবন্দরে তাকে দেখা যায়নি। এদিকে এজেইজা বিমানবন্দরের কাছে জাতীয় দলের অনুশীলন ক্যাম্পের বাইরে শীত ও বৃষ্টির প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করেই হাজার হাজার আলবিসেলেস্তে সমর্থক ভিড় জমান। নীল-সাদা পতাকা ও ছাতা হাতে নিয়ে রানার্স-আপ দলটিকে কৃতজ্ঞতা ও ভালোবাসা জানান তারা।
ওবেলিস্ক চত্বরে আনন্দমিছিল ও সংঘর্ষ
রোববার রাতে ফাইনাল ম্যাচের পরপরই বুয়েনস আইরেসের ঐতিহ্যবাহী ওবেলিস্ক চত্বরে জড়ো হন হাজারো সমর্থক। আতশবাজি ফুটিয়ে ও গান গেয়ে তারা দলের লড়াইকে সাধুবাদ জানান।
তবে উৎসবের শেষ পর্যায়ে কিছু উচ্ছৃঙ্খল সমর্থকের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ জলকামান, টিয়ার গ্যাস ও রবার বুলেট ব্যবহার করে। স্থানীয় পুলিশের তথ্য অনুযায়ী, এই সংঘাতে অন্তত ১৫ জনকে আটক করা হয়েছে।
জেএস

Sports Desk
© 2026 Daily Destiny. All rights reserved.












