শেখ হাসিনার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে: নাহিদ ইসলাম

ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক এবং সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম মন্তব্য করেছেন যে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে।
শুক্রবার (১০ জুলাই) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, ‘আমরাও চাই তিনি দেশে ফিরুন, তবে তা ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্য। বাংলাদেশে তাঁর বিরুদ্ধে রায় হয়ে গেছে। এখন বর্তমান সরকারের উচিত যথাযথ কূটনৈতিক ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে এই গণহত্যাকারীকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা।’
তিনি আরও বলেন, ‘তিনি কীভাবে আসবেন, কাদের নিয়ে আসবেন—এটা বাংলাদেশ সরকারকে ঠিক করতে হবে। এ বিষয়ে দিল্লি ও ঢাকার মধ্যে কূটনৈতিক ও রাজনৈতিক বোঝাপড়ার ওপরই সব নির্ভর করছে। শেখ হাসিনা বা আওয়ামী লীগ এখন আর কোনো রাজনৈতিক দল নয়।’
নাহিদ ইসলাম হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানে যারা অংশ নিয়েছিল, তারা যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত আছে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অর্থনীতি রক্ষায় আমরা সচেষ্ট। শেখ হাসিনা বা আওয়ামী লীগকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত করার কোনো পাঁয়তারা হলে এবং সরকার যদি তা প্রশ্রয় দেয়, তবে তার দায় সরকারকে নিতে হবে।’
তিনি আরও যোগ করেন, ‘বাংলাদেশের আপামর জনগণ এবং জুলাই বিপ্লবে অংশ নেওয়া সব পক্ষ, শহীদ ও আহত পরিবারের সদস্যরা যেকোনো অশুভ অপতৎপরতা রুখতে প্রস্তুত।’
জেএস

ডেসটিনি প্রতিবেদক
© 2026 Daily Destiny. All rights reserved.











