‘সংসদে বন্যা পরিস্থিতির স্থায়ী সমাধানের প্রস্তাব তুলব’: জামায়াত আমির

ছবি: সংগৃহীত
চট্টগ্রাম অঞ্চলের বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের চলমান বন্যা পরিস্থিতির স্থায়ী সমাধানে তিনি সংসদে কার্যকর উদ্যোগ গ্রহণ করবেন।
শুক্রবার (১০ জুলাই) চট্টগ্রামের বাঁশখালী উপজেলার একটি কমিউনিটি সেন্টারে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও আর্থিক সহায়তা প্রদানকালে তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, ‘বাঁশখালী, সাতকানিয়া ও লোহাগাড়ার মানুষ এবারের বন্যায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধু এই অঞ্চল নয়, দেশের প্রায় চারটি বিভাগে মানুষ অবর্ণনীয় কষ্টে দিনাতিপাত করছে। ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো আমাদের মানবিক ও নৈতিক দায়িত্ব।’
তিনি আরও বলেন, ‘আপনাদের এলাকার জনপ্রতিনিধিরা ইতিমধ্যে সংসদে এলাকার দুঃখ-দুর্দশার কথা তুলে ধরেছেন। আমি সংসদে ফিরে সরকারের কাছে এই পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরব এবং বন্যা থেকে বাঁচতে স্থায়ী সমাধানের জন্য জোর দাবি জানাব।’
শুক্রবার সকালে ঢাকা থেকে চট্টগ্রামে পৌঁছেই জামায়াত আমির সরাসরি বাঁশখালী ও সাতকানিয়ার বন্যাকবলিত এলাকা পরিদর্শনে যান। তিনি পানিবন্দি মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের দুর্ভোগ সরাসরি পর্যবেক্ষণ করেন। পরে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে শুকনো খাবার ও আর্থিক সহায়তা তুলে দেন।
ত্রাণ বিতরণকালে ডা. শফিকুর রহমান সমাজের বিত্তবান ব্যক্তি, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনসহ দেশের সর্বস্তরের মানুষকে দুর্গতদের পাশে দাঁড়ানোর উদাত্ত আহ্বান জানান। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, ‘যেখানেই জনগণের দুর্দশা, আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখলে আমি সেখানেই ছুটে যাব।’
জামায়াত আমিরের এই সফরের সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন— জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মাওলানা মুহাম্মদ শাহজাহান, চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম-১৬ আসনের সংসদ সদস্য জহিরুল ইসলাম, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও ডাকসুর জিএস এস এম ফরহাদ এবং চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির মুহাম্মদ নজরুল ইসলাম।
জেএস

চট্টগ্রাম ব্যুরো
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।










