রাজধানীর গুলিস্তানে ব্যবসায়ীদের ওপর চাঁদাবাজ, দখলদার ও সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণ শাখা। রোববার (৫ জুলাই) দুপুরে ‘চাঁদাবাজ, দখলদার, সন্ত্রাসী প্রতিরোধ কমিটি’র ব্যানারে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়, যা বায়তুল মোকাররম জামে মসজিদ প্রাঙ্গণে এসে শেষ হয়।

জামায়াত সূত্র ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রাজধানীর গুলিস্তান এলাকায় বিএনপির কর্মীরা চাঁদাবাজি ও দখলবাজি চালিয়ে আসছে। তারা বিভিন্ন মার্কেট তালাবদ্ধ করে সেগুলোর নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করলে সাধারণ ব্যবসায়ীদের অনুরোধে স্থানীয় জামায়াত নেতারা তাদের পাশে দাঁড়ান। এর জের ধরেই গত শনিবার জামায়াতের মিছিলে বিএনপির স্থানীয় কর্মীরা হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনার প্রতিবাদে এবং সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলবাজির বিরুদ্ধে রোববার ফুলবাড়িয়ায় বিক্ষোভ মিছিলের ডাক দেয় জামায়াত। স্থানীয় ব্যবসায়ীরা মিছিলে জড়ো হলে সেখানে পুনরায় অতর্কিত হামলা চালানো হয়।

জামায়াতে ইসলামীর ঢাকা দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আব্দুল সাত্তার সুমন জানান, বেশ কিছুদিন ধরেই চাঁদাবাজরা জামায়াত সংশ্লিষ্ট ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করে আসছে। এই চাঁদা দাবির প্রতিবাদে আয়োজিত কর্মসূচিতে হামলার ঘটনায় তিন জন গুরুতরসহ মোট ২০ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে তিনি দাবি করেন।

বর্তমানে ফুলবাড়িয়া ফ্লাইওভারের নিচে জামায়াতের নেতাকর্মীরা এই হামলার বিরুদ্ধে পুনরায় বিক্ষোভ প্রদর্শন করছেন।

জেএস