বিশ্বকাপের নকআউট ম্যাচ: রাতজাগা ভক্তদের খোলা থাকবে ইংল্যান্ডের পাব

ছবি: সংগৃহীত
২০২৬ ফিফা বিশ্বকাপের নকআউট পর্বে ইংল্যান্ড ও মেক্সিকোর মধ্যকার হাইভোল্টেজ ম্যাচ ঘিরে বিশেষ ঘোষণা দিয়েছে ব্রিটিশ সরকার। সমর্থকদের ম্যাচ উপভোগের সুযোগ নির্বিঘ্ন করতে ইংল্যান্ড ও ওয়েলসের পাবগুলো ভোর ৫টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে।
বিশ্বকাপের শেষ ষোলোর এই ম্যাচটি স্থানীয় সময় রাত ১টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সময়ের পার্থক্যের কারণে যুক্তরাজ্যের দর্শকদের জন্য গভীর রাতে ম্যাচটি সম্প্রচারিত হওয়ায় সরকার এই বিশেষ ছাড়ের সিদ্ধান্ত নিয়েছে।
এই উদ্যোগের বিষয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, “ফুটবল হয়তো ঘরে ফিরছে, তবে আমরা নিশ্চিত করতে চাই যে সমর্থকদের ম্যাচ শেষে বাড়ি ফিরতে কোনো তাড়াহুড়ো করতে না হয়। শেষ বাঁশি পর্যন্ত পাব খোলা রাখা সমর্থকদের জন্য যেমন আনন্দের, তেমনি স্থানীয় ব্যবসার জন্যও এটি ইতিবাচক। পুরো দেশ এখন ইংল্যান্ড দলের পাশে রয়েছে।”
এর আগে টুর্নামেন্ট চলাকালে ইংল্যান্ডের ম্যাচগুলোতে পাবগুলো রাত ২টা পর্যন্ত খোলা রাখার অনুমতি ছিল। তবে মেক্সিকোর বিপক্ষে ম্যাচের সময়সূচি বিবেচনায় নিয়ে এই সময়সীমা ভোর ৫টা পর্যন্ত বাড়ানো হয়েছে।
উল্লেখ্য, শেষ ৩২-এর ম্যাচে কঙ্গোকে ২-১ গোলে হারিয়ে থমাস টুখেলের শিষ্যরা শেষ ষোলো নিশ্চিত করেছে। মেক্সিকোর বিপক্ষে জয়লাভ করলে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের প্রতিপক্ষ হতে পারে শক্তিশালী ব্রাজিল অথবা নরওয়ে।
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত এই বিশ্বকাপের ম্যাচগুলো যুক্তরাজ্যের দর্শকদের জন্য গভীর রাতে হওয়ায় কিছুটা ভোগান্তি পোহাতে হচ্ছিল। সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সমর্থক ও পাব ব্যবসায়ীরা। তাদের মতে, এর ফলে ফুটবল উন্মাদনা উপভোগের পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।
জেএস

স্পোর্টস ডেস্ক
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।






