শেখ হাসিনা ফিরলেই গ্রেপ্তার, আত্মসমর্পণের সুযোগ নেই: শামা ওবায়েদ

ছবি: সংগৃহীত
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
তিনি স্পষ্ট করেছেন যে, যেহেতু শেখ হাসিনা ইতোমধ্যে দণ্ডপ্রাপ্ত, তাই দেশে ফিরলে তার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই; বরং আইন অনুযায়ী তাকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা হবে।
প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের রাজনৈতিক ও কূটনৈতিক সদিচ্ছা অত্যন্ত জরুরি। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ সরকার যেসব চিঠি ও যোগাযোগ বজায় রাখছে, ভারত সরকার সেগুলোর বিষয়ে ইতিবাচক সাড়া দিয়ে তাকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করবে।
ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে তিনি বলেন, একটি দেশের সঙ্গে অন্য দেশের সম্পর্ক বহুমাত্রিক, তাই এই ইস্যু নিয়ে সামগ্রিক সম্পর্কের কোনো ব্যাঘাত ঘটবে না। ন্যায়বিচার ও আইনি প্রক্রিয়াজুলাই গণ-অভ্যুত্থানে হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার বিচার সম্পন্ন হওয়াকে বাংলাদেশের গণতন্ত্র ও ইতিহাসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেছেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, "যারা রক্ত দিয়েছেন, যারা আহত হয়েছেন, তাদের পরিবারের জন্য একটি ক্লোজার প্রয়োজন। আমরা চাই যত দ্রুত সম্ভব তাকে ফেরত আনা হোক"। রোহিঙ্গা সংকট ও অন্যান্য প্রসঙ্গেরোহিঙ্গা সংকট নিরসনে সরকারের তৎপরতার কথা তুলে ধরে শামা ওবায়েদ জানান, আসন্ন জাতিসংঘ অধিবেশনে এই বিষয়টি অত্যন্ত জোরালোভাবে উপস্থাপন করা হবে। গত ১৭ বছরে এই সংকটকে জিইয়ে রাখা হয়েছিল বলে অভিযোগ করে তিনি বলেন, বর্তমান সরকার বিভিন্ন কূটনৈতিক চ্যানেলে সমাধানের লক্ষ্যে আলোচনা চালিয়ে যাচ্ছে।
প্রধানমন্ত্রীর বিদেশ সফরের তারিখ সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি জানান, এখনো নতুন কোনো সূচি চূড়ান্ত হয়নি।উল্লেখ্য, বর্তমানে শেখ হাসিনা দিল্লিতে অবস্থান করছেন এবং তাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনার আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
জেএস

Destiny Reporter
© 2026 Daily Destiny. All rights reserved.









