জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস আলাদাভাবে পালনের সিদ্ধান্ত মন্ত্রিসভায়

ছবি: সংগৃহীত
এখন থেকে আগের নিয়মেই প্রতি বছর ১ নভেম্বর জাতীয় যুব দিবস এবং ১২ আগস্ট আন্তর্জাতিক যুব দিবস পৃথকভাবে উদযাপিত হবে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অতীতে দুটি দিবস আলাদাভাবে পালন করা হলেও অন্তর্বর্তীকালীন সরকারের সময় তা ১২ আগস্ট একত্রে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু সেই অভিজ্ঞতা খুব একটা সুখকর ছিল না।
আলাদাভাবে দিবস দুটি উদযাপনের যৌক্তিকতা তুলে ধরে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে:
আবহাওয়াজনিত সমস্যা: বর্ষাকালে ১২ আগস্ট দিবসটি উদযাপন করায় যুব র্যালি, সমাবেশ ও মেলা আয়োজন করা অত্যন্ত চ্যালেঞ্জিং হয়ে পড়েছিল।
বাণিজ্যিক ও জনসম্পৃক্ততার ঘাটতি: জাতীয় যুব দিবস ছাড়া অন্য সময় যুবমেলার আয়োজন করলে কাঙ্ক্ষিত জনসম্পৃক্ততা পাওয়া যায় না এবং উদ্যোক্তারা তাদের উৎপাদিত পণ্য বিক্রিতে হিমশিম খান।
অর্থায়নের ভিন্নতা: জাতীয় যুব দিবস সরকারি অর্থায়নে উদযাপিত হয়, অন্যদিকে আন্তর্জাতিক যুব দিবস সরকারি-বেসরকারি এবং উন্নয়ন সহযোগীদের সমন্বয়ে পালন করা হয়। তাই দিবস দুটি আলাদা করা প্রশাসনিক ও সাংগঠনিকভাবে বেশি কার্যকর।
এর আগে ২০২৫ সালে প্রথমবারের মতো জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস একত্রে ১২ আগস্ট পালন করা হয়েছিল। কিন্তু ব্যবহারিক বিভিন্ন সমস্যার কারণে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী মন্ত্রিসভা পুনরায় আগের নিয়ম ফিরিয়ে আনার অনুমোদন দিয়েছে।
এখন থেকে ১ নভেম্বর জাতীয় যুব দিবস এবং ১২ আগস্ট আন্তর্জাতিক যুব দিবস হিসেবেই পালিত হবে, যা যুব উন্নয়নমূলক কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে আশা করছে সরকার।
সূত্র: মন্ত্রিপরিষদ বিভাগ।
জেএস

Destiny Reporter
© 2026 Daily Destiny. All rights reserved.









