গঠনমূলক সমালোচনার আহ্বান প্রধানমন্ত্রীর

ছবি: সংগৃহীত
গণমাধ্যমে সরকারের কাজের গঠনমূলক সমালোচনার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে সরকারের ইতিবাচক পদক্ষেপগুলোও সংবাদমাধ্যমে যথাযথভাবে তুলে ধরার আহ্বান জানিয়েছেন তিনি, যাতে সাধারণ মানুষ সরকারের ভালো উদ্যোগগুলো সম্পর্কে জানতে পারে।
সোমবার (২৭ জুলাই ২০২৬) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের (NEC) নেতৃবৃন্দের সঙ্গে এক বৈঠকে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান।
বৈঠকে প্রধানমন্ত্রী সংবাদপত্রের সম্পাদকদের উদ্দেশে বলেন, সরকারের কাজের যেমন গঠনমূলক সমালোচনা প্রয়োজন, তেমনি দেশের উন্নয়নে সরকারের নেওয়া ইতিবাচক উদ্যোগগুলোও জনগণের সামনে তুলে ধরা গণমাধ্যমের দায়িত্ব। এ ছাড়া একটি স্বাধীন ও শক্তিশালী গণমাধ্যম এবং সাংবাদিকদের স্বার্থ রক্ষায় যে নতুন নীতিমালা প্রণয়নের কাজ চলছে, তাতে সম্পাদকদের সক্রিয় সহযোগিতা কামনা করেন তিনি।
ন্যাশনাল এডিটরস কাউন্সিলের আহ্বায়ক ও যায়যায়দিন-এর সম্পাদক শফিক রেহমান এবং যুগ্ম আহ্বায়ক ও আমার দেশ-এর সম্পাদক মাহমুদুর রহমানের নেতৃত্বে বৈঠকে আট সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেয়।
প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন, দৈনিক প্রতিদিনের বাংলাদেশের সম্পাদক মারুফ কামাল খান সোহেল, দৈনিক নয়া দিগন্তের সম্পাদক সালাহ উদ্দিন মুহাম্মদ বাবর, দৈনিক যুগান্তরের সম্পাদক কবি আবদুল হাই শিকদার, জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ, ওয়াদার সম্পাদক শফিকুল আলম, দৈনিক মানবকন্ঠের সম্পাদক শহিদুল ইসলাম।
বৈঠকে দেশের গণমাধ্যমের স্বাধীনতা, মুক্ত সাংবাদিকতা এবং সরকারের বিভিন্ন উন্নয়নমূলক ও সংস্কার কার্যক্রমের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
জেএস

Destiny Reporter
© 2026 Daily Destiny. All rights reserved.











