বিপাকে অভিনেত্রী অহনা, ফেসবুকে সতর্কবার্তা

ছবি: সংগৃহীত
দেশীয় শোবিজের জনপ্রিয় নাট্যঅভিনেত্রী অহনা রহমান তার প্রাক্তন অ্যাসিস্ট্যান্ট আফিফাকে নিয়ে চরম বিপাকে পড়েছেন। অহনার পরিচয় দিয়ে বিভিন্ন মানুষের কাছে টাকা দাবি করার গুরুতর অভিযোগ উঠেছে ওই তরুণীর বিরুদ্ধে।
বিষয়টি নিয়ে সোমবার (২৭ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি বিস্তারিত পোস্ট দিয়ে সবাইকে সতর্ক করার পাশাপাশি সাবেক সহকারীকে শেষবারের মতো হুঁশিয়ারি দিয়েছেন এই অভিনেত্রী।
ফেসবুক পোস্টে যা লিখেছেন অহনা
ফেসবুক স্ট্যাটাসে অহনা জানান, গত রাত একটার দিকে ওই তরুণী তার বাসার নিচে এসে নিজেকে সাংবাদিক বলে পরিচয় দেয়। এ সময় গার্ড তাকে বাসায় ফোন করলেও সবাই ঘুমে থাকায় কেউ ফোন রিসিভ করেনি। এরপর ওই তরুণী ভোর ছয়টা পর্যন্ত সিকিউরিটি গার্ডদের রুমেই ঘুমিয়ে থাকে। রাতে চলে যেতে বলা হলে সে জানায়—'এত রাতে একটা মেয়েমানুষ আমি কই যাব?’
পরের ঘটনা উল্লেখ করে অভিনেত্রী লেখেন, সকালে বাসার লোকজন হাঁটতে বের হলে সিকিউরিটি গার্ড ও আশপাশের লোকজন জানান যে তাদের মেহমান রাত থেকে নিচে বসে আছেন। কে এবং কেন এসে বসে আছেন—তা জানতে পেরে তারা অবাক হন। পরে জানা যায়, মেয়েটির নাম ‘আফিফা’ এবং সে সবাইকে নিজের বোন পরিচয় দিয়ে বিভিন্ন মানুষের কাছে টাকা চাচ্ছে।
আইনি পদক্ষেপের হুঁশিয়ারি
প্রাক্তন সহকারীকে উদ্দেশ্য করে অহনা স্ট্যাটাসে লেখেন, “আফিফা স্বল্প সময়ের জন্য আমার অ্যাসিস্ট্যান্ট ছিল। এই স্ট্যাটাসটি তার জন্য একটি সতর্কবাণী। আফিফা, তোকে আমি বহুবার সতর্ক করেছি, তবে এটিই শেষ বার! এরপর যদি আমাকে বিরক্ত করিস, তবে তোকে আর তোর চক্রকে আইনের মুখোমুখি হতে হবে।”
অভিনেত্রীর এই পোস্টের পর শোবিজ অঙ্গনে ও ভক্তদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেকেই অহনাকে সতর্ক থাকার পরামর্শ দেওয়ার পাশাপাশি প্রতারক চক্রের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন।
জেএস

entertainment desk
© 2026 Daily Destiny. All rights reserved.







