বিশ্বের আগে বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

ছবি: সংগৃহীত
মার্ভেল ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবারও পর্দায় ফিরছে বিশ্বের অন্যতম জনপ্রিয় সুপারহিরো স্পাইডার-ম্যান। মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের (এমসিইউ) ৩৮তম এবং স্পাইডার-ম্যান সিরিজের চতুর্থ সিনেমা ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ আন্তর্জাতিকভাবে ৩১ জুলাই মুক্তি পাওয়ার কথা রয়েছে। তবে সুখবর হলো, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অনেক দেশের আগেই ৩০ জুলাই দেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে বহুল প্রতীক্ষিত এই সিনেমা।
তারকা বহর ও কলাকুশলী
ডেস্টিন ড্যানিয়েল ক্রেটনের পরিচালনায় এই সিনেমায় আগের মতোই স্পাইডার-ম্যান তথা পিটার পার্কারের চরিত্রে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা টম হল্যান্ডকে। এমজে চরিত্রে ফিরছেন জেন্ডায়া এবং নেডের ভূমিকায় থাকছেন জ্যাকব ব্যাটালন। পাশাপাশি হাল্ক চরিত্রে আবারও পর্দায় হাজির হবেন মার্ক রাফেলো।
এ ছাড়া নতুন কিস্তিতে যুক্ত হয়েছেন কয়েকজন আলোচিত তারকা। এর মধ্যে ‘আসোকা’ খ্যাত অভিনেতা ইমান এসফান্ডি অভিনয় করেছেন এমজের নতুন প্রেমিকের চরিত্রে এবং ‘স্ট্রেঞ্জার থিংস’ তারকা সেডি সিঙ্ক রয়েছেন একটি রহস্যময় ভূমিকায়। মার্ভেল ভক্তদের সবচেয়ে বড় চমক হিসেবে জন বার্নথাল বড় পর্দায় ফিরছেন তাঁর জনপ্রিয় ‘দ্য পানিশার’ চরিত্রে।
গল্পের নতুন মোড় ও প্রযুক্তিগত চমক
সিনেমার গল্প এগিয়ে চলেছে ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’-এর পরবর্তী সময় থেকে। ডক্টর স্ট্রেঞ্জের জাদুর কারণে বিশ্ববাসী পিটার পার্কারকে ভুলে যাওয়ায় সে নিজের পরিচয় গোপন রেখেই নিউইয়র্ক শহর রক্ষায় নিয়োজিত থাকে। একদিকে নিঃসঙ্গতা এবং অন্যদিকে নতুন এক রহস্যময় শত্রুর আবির্ভাব—সব মিলিয়ে পিটারকে এবার আরও কঠিন পরীক্ষার মুখোমুখি হতে দেখা যাবে।
বিশেষ প্রযুক্তিগত দিক থেকে সিনেমাটি গেম চেঞ্জার হতে যাচ্ছে। এটি বিশ্বের প্রথম চলচ্চিত্র, যা সম্পূর্ণভাবে স্ক্রিনএক্স (ScreenX) প্রযুক্তির জন্য নির্মিত হয়েছে। এই প্রযুক্তিতে মূল পর্দার পাশাপাশি হলের দুই পাশের দেয়ালেও দৃশ্য সম্প্রসারিত হওয়ায় দর্শকরা পাবেন ২৭০ ডিগ্রি প্যানোরমিক অভিজ্ঞতা।
মুক্তির আগেই ট্রেলার প্রকাশের প্রথম ২৪ ঘণ্টায় ৭১ কোটি ৮৬ লাখের বেশি ভিউ পেয়ে রেকর্ড গড়েছে সিনেমাটি। বিশ্বজুড়ে অগ্রিম টিকিট বিক্রির এই উন্মাদনার মধ্যেই বাংলাদেশের দর্শকরা সবার আগে স্টার সিনেপ্লেক্সে ছবিটি উপভোগ করার সুযোগ পাচ্ছেন।
জেএস

Destiny Desk
© 2026 Daily Destiny. All rights reserved.







