রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক

ছবি: সংগৃহীত
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের প্রস্তুতি ও সাংবিধানিক প্রক্রিয়া নিয়ে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশনের একটি উচ্চপর্যায় প্রতিনিধিদল মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১১টায় জাতীয় সংসদে এই বৈঠকে অংশ নেবেন। জাতীয় সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ-১) মো. মনির হোসেন সোমবার এই তথ্য নিশ্চিত করেন।
ইসি সূত্রে জানা গেছে, বৈঠকে মূলত রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের বিভিন্ন সাংবিধানিক ও প্রশাসনিক দিক নিয়ে আলোচনা হচ্ছে। বিশেষ করে নির্বাচনের সম্ভাব্য তফসিল ঘোষণা, প্রয়োজনীয় প্রশাসনিক প্রস্তুতি এবং পুরো নির্বাচন প্রক্রিয়াটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার রূপরেখা নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে মতবিনিময় করবেন নির্বাচন কমিশন।
গত শুক্রবার (২৪ জুলাই) তৎকালীন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতীয় সংসদের স্পিকারের কাছে তার পদত্যাগপত্র জমা দেন। সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী পদত্যাগপত্র জমা দেওয়ায় রাষ্ট্রপতির পদটি শূন্য হয়। এর পরপরই সংবিধানের বিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। সাংবিধানিক বাধ্যবাধকতা অনুসারে নির্ধারিত সময়ের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করার জন্যই নির্বাচন কমিশন এই অগ্রিম প্রস্তুতি ও আলোচনা শুরু করেছে।
জেএস

Destiny Reporter
© 2026 Daily Destiny. All rights reserved.











