দেশের সব গণপরিবহনে আগামী ১ আগস্ট থেকে গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) ডিভাইস সংযোজন ও সচল রাখা বাধ্যতামূলক করেছে সরকার। নতুন রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদ নবায়নের ক্ষেত্রে জিপিএস সংযোজনের প্রমাণপত্র এবং মোবাইল অ্যাপের মাধ্যমে এর কার্যকারিতা দেখাতে হবে।

মঙ্গলবার (২৮ জুলাই) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিরাপদ সড়ক পরিবহন ব্যবস্থা নিশ্চিত করা এবং গণপরিবহন ব্যবস্থায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর লক্ষ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ গত ১১ জুন এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে। ওই প্রজ্ঞাপনের নির্দেশনা অনুযায়ী, আগামী ১ আগস্ট থেকে দেশের সব গণপরিবহনে জিপিএস ডিভাইস সংযুক্ত ও সচল রাখা বাধ্যতামূলক করা হচ্ছে।

বিআরটিএ জানায়, নতুন যানবাহনের রেজিস্ট্রেশন কিংবা পুরোনো যানবাহনের ফিটনেস সনদ নবায়নের সময় সংশ্লিষ্ট মালিককে জিপিএস ডিভাইস সংযোজনের প্রমাণপত্র জমা দিতে হবে। একই সঙ্গে মোবাইল অ্যাপের মাধ্যমে ডিভাইসটি সক্রিয় রয়েছে কি না, সেটিও প্রদর্শন করতে হবে।

সংস্থাটি আরও জানিয়েছে, জিপিএস ডিভাইসের প্রয়োজনীয় কারিগরি স্পেসিফিকেশন বিআরটিএর স্থানীয় কার্যালয় অথবা সংস্থাটির ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে।

সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ধারা ২৫ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর বিধি ৫৫ অনুযায়ী, গণপরিবহনে জিপিএস ডিভাইস সংযুক্ত ও সচল থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পরই রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদ প্রদান বা নবায়ন করা হবে।

নতুন এই নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে দেশের সব পরিবহন মালিক ও সংশ্লিষ্ট প্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়েছে বিআরটিএ।