চট্টগ্রাম শিক্ষাবোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

ছবি: সংগৃহীত
সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও দুর্যোগপূর্ণ পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে চলমান ২০২৬ সালের এইচএসসি ও সমমানের সব পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) দিবাগত রাতে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আকতারুজ্জামানের সই করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
স্থগিতের নেপথ্যে যেসব কারণ:বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বন্যা-পরবর্তী দুর্যোগপূর্ণ পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত সড়ক ও যোগাযোগ ব্যবস্থার বেহাল দশা এবং পরীক্ষার্থীদের সার্বিক শারীরিক ও মানসিক অবস্থার কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট অংশীজনদের সাথে আলোচনা এবং মাঠপর্যায়ের সার্বিক অবস্থা পর্যালোচনার পরই এই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। যেসব পরীক্ষা স্থগিত থাকবে:এই সিদ্ধান্তের আওতায় চট্টগ্রাম বোর্ডের অধীন থাকা এইচএসসি, মাদরাসা বোর্ডের আলিম এবং কারিগরি বোর্ডের অধীনে এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষার অবশিষ্ট সব বিষয় পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত স্থগিত থাকবে।
এই পরীক্ষার সংশোধিত সময়সূচি পরবর্তীতে সংশ্লিষ্ট বোর্ডগুলো থেকে জানিয়ে দেওয়া হবে। অন্যান্য বোর্ডের অবস্থা:চট্টগ্রাম শিক্ষাবোর্ডের আওতাধীন জেলাগুলো বাদে দেশের অন্যান্য শিক্ষাবোর্ড, মাদরাসা শিক্ষাবোর্ড এবং কারিগরি শিক্ষাবোর্ডের পরীক্ষাগুলো পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে। উল্লেখ্য যে, এর আগে বন্যা পরিস্থিতির অবনতির কারণে চট্টগ্রাম বোর্ডের অধীনে থাকা জেলাগুলোর পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় এখন তা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হলো।
জেএস

Destiny Desk
© 2026 Daily Destiny. All rights reserved.










