আওয়ামী লীগের দোসর এনসিপি নেতা আশিক মাহমুদের বিরুদ্ধে স্থানীয়দের মানববন্ধন

ছবি: ডেসটিনি প্রতিনিধি
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ডাকিয়াপাড়া বাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে ডাকিয়াপাড়া বাজার এলাকায় আয়োজিত এ মানববন্ধনে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা এনসিপি নেতা আশিক মাহমুদকে আওয়ামী লীগের দোসর হিসেবে আখ্যায়িত করে এবং তাঁর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, হয়রানি, জমি দখল ও রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ তুলে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
বক্তারা অভিযোগ করেন, আশিক মাহমুদ দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন, হয়রানি, জমি দখল এবং মিথ্যা মামলায় জড়ানোর মতো কর্মকাণ্ড চালিয়ে আসছেন। এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।
মানববন্ধনে বক্তব্য দিতে গিয়ে আশিক মাহমুদের চাচা ও স্থানীয় ইউপি সদস্য এমদাদুল ইসলাম অভিযোগ করেন, গত ১ জুলাই পারিবারিক বিরোধের জেরে আশিক মাহমুদ ও তাঁর বাবা তাঁর মাকে মারধর করেন। এ সময় দুই ভরি স্বর্ণালঙ্কার ও পাঁচ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও করেন তিনি।
এমদাদুল ইসলাম আরও দাবি করেন, ঘটনার প্রতিবাদ করায় আবুল হোসেন, রামিম মিয়া, মুফতি এনামুল হাসান, আবির হোসেন, মনির হোসেন ও টুটুল মিয়ার বিরুদ্ধে ভিত্তিহীন ও বানোয়াট মামলা করা হয়েছে।
রাজনৈতিক প্রভাব খাটিয়ে মামলাগুলো দায়ের করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এর ফলে অভিযুক্ত ব্যক্তিরা পুলিশি হয়রানির শিকার হচ্ছেন বলে দাবি করেন।
মানববন্ধনে আরও অভিযোগ করা হয়, আশিক মাহমুদ দীর্ঘদিন ধরে স্থানীয় প্রবীণ বাসিন্দা শের আলীর মালিকানাধীন একটি জমি দখল করে সেখানে রাজনৈতিক প্রভাব বিস্তার করছেন। অভিযোগকারীদের ভাষ্য, জোরপূর্বক ওই জমিতে একটি কোচিং সেন্টার পরিচালনা করা হচ্ছে এবং প্রকৃত মালিককে তাঁর জমির অধিকার থেকে বঞ্চিত রাখা হয়েছে।
স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, অতীতে আওয়ামী লীগের শাসনামলে রাজনৈতিক প্রভাব ব্যবহার করে যেভাবে দখল ও জবরদখলের ঘটনা ঘটত, বর্তমানে এনসিপির পদ ব্যবহার করে আশিক মাহমুদ একই ধরনের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। এতে এলাকায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়েছে বলেও তারা অভিযোগ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, এলাকার মানুষ শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করতে চান। রাজনৈতিক পরিচয় ব্যবহার করে কেউ যেন আইন নিজের হাতে তুলে নিতে না পারেন, সে জন্য প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ প্রয়োজন। তারা আশিক মাহমুদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
তবে উল্লেখ্য, এসব অভিযোগের বিষয়ে আশিক মাহমুদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তাঁর বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বসহকারে প্রকাশ করা হবে।
ইউ

ফারুক হোসেন, হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি
© 2026 Daily Destiny. All rights reserved.







