চট্টগ্রামে ২৪ ঘণ্টায় নতুন ২০ জন ডেঙ্গু আক্রান্ত, চলতি বছরে মোট রোগী ৬৭৪

ছবি: ডেসটিনি প্রতিনিধি
চট্টগ্রামে ডেঙ্গুর সংক্রমণ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২০ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছরের ২৫ জুলাই পর্যন্ত জেলায় মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭৪ জনে।
এদিকে, চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ২ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে একজন পুরুষ এবং একজন নারী রয়েছেন।
শনিবার (২৫ জুলাই) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি জুলাই মাসেই সবচেয়ে বেশি ৩৭৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এবং এ মাসে একজনের মৃত্যু হয়েছে। এর আগে জুন মাসে আক্রান্ত হন ১২২ জন, মে মাসে ৩৭ জন, এপ্রিলে ২৯ জন, মার্চে ২০ জন, ফেব্রুয়ারিতে ২২ জন (মৃত্যু ১ জন) এবং জানুয়ারিতে আক্রান্ত হয়েছিলেন ৬৮ জন।
গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ২০ জনের মধ্যে ১৮ জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া একজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং একজন বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
চলতি বছরে আক্রান্ত ৬৭৪ জনের মধ্যে ৩৯০ জন পুরুষ, ১৬৮ জন নারী এবং ১১৬ জন শিশু রয়েছেন।
স্বাস্থ্য বিভাগ ডেঙ্গু প্রতিরোধে জমে থাকা পরিষ্কার পানি অপসারণ, মশার প্রজননস্থল ধ্বংস এবং জ্বর দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে।
ইউ

চট্টগ্রাম ব্যুরো
© 2026 Daily Destiny. All rights reserved.






