সামাজিক যোগাযোগমাধ্যম দিনাজপুরে তেল গুজব: পেট্রোল পাম্পে মোটরসাইকেল চালকদের ভিড়

ছবি: ডেসটিনি প্রতিনিধি
সামাজিক যোগাযোগমাধ্যমে জ্বালানি তেলের সম্ভাব্য সংকট নিয়ে গুজব ছড়িয়ে পড়ার পর দিনাজপুর জেলার বিভিন্ন পেট্রোল পাম্পে মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের চালকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
বুধবার(২২ জুলাই)সন্ধ্যার পর থেকে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে জ্বালানি তেলের সরবরাহে সংকট দেখা দিতে পারে—এমন বিভিন্ন পোস্ট ছড়িয়ে পড়ে। এরপরই সম্ভাব্য সংকটের আশঙ্কায় অনেক চালক আগাম তেল সংগ্রহ করতে পেট্রোল পাম্পে ভিড় করেন। বৃষ্টি উপেক্ষা করেও গভীর রাত পর্যন্ত জেলার বিভিন্ন পাম্পে মোটরসাইকেল চালকদের দীর্ঘ সারি দেখা যায়।
বৃহস্পতিবার সকালেও একই পরিস্থিতি অব্যাহত থাকে। জেলার বিভিন্ন পেট্রোল পাম্পে মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনের দীর্ঘ লাইন দেখা যায়। মোটরসাইকেল চালক গুণধর চন্দ্র রায় বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্য দেখে ভবিষ্যতে জ্বালানি না পাওয়ার আশঙ্কায় আগেভাগেই তেল সংগ্রহ করে রাখছেন।
আরেক চালক মো. আকবর আলী বলেন, “ফেসবুকে বিভিন্ন ধরনের পোস্ট দেখেছি। তাই কোনো সমস্যা হওয়ার আগে মোটরসাইকেলে তেল ভরে রাখছি।”
এ বিষয়ে দিনাজপুরের একটি পেট্রোল পাম্পের স্বত্বাধিকারী রতন কুমার রেন্টু জানান, জ্বালানি তেলের সরবরাহ সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং সংকটের কোনো তথ্য তাদের কাছে নেই। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুজবের কারণেই হঠাৎ করে গ্রাহকদের চাপ বেড়েছে।
তিনি সবাইকে গুজবে কান না দিয়ে যাচাই-বাছাই করে তথ্য গ্রহণের আহ্বান জানান এবং অপ্রয়োজনীয় আতঙ্কে তেল মজুত না করার পরামর্শ দেন।
ইউ

মো. আব্দুর রাজ্জাক, দিনাজপুর প্রতিনিধি
© 2026 Daily Destiny. All rights reserved.







