সোনারগাঁয়ে দুই মণ ওজনের বিরল কাঁঠাল বিক্রি ১০ হাজার টাকায়

ছবি: ডেসটিনি প্রতিনিধি
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দি ইউনিয়নের পশ্চিম সনমান্দি গ্রামে প্রায় দুই মণ ওজনের একটি বিরল আকৃতির কাঁঠাল ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিশাল আকৃতির এ কাঁঠালটি দেখতে কয়েক দিন ধরে ভিড় করেন উৎসুক মানুষ। শেষ পর্যন্ত দরদামের পর কাঁঠালটি ১০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে কাঁঠালটি বিক্রি হয়। এর আগে দুই-তিন দিন ধরে কাঁঠালটি দেখতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে মানুষ পশ্চিম সনমান্দি গ্রামের বাসিন্দা মোবারক মিয়ার বাড়িতে ভিড় করেন। কেউ ছবি তুলেছেন, কেউ আবার কাঁঠালের ওজন ও আকৃতি নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন। স্থানীয়দের দাবি, কাঁঠালটির ওজন প্রায় দুই মণ।
স্থানীয় সূত্র জানায়, এ এলাকায় এত বড় কাঁঠাল আগে খুব একটা দেখা যায়নি। খবর ছড়িয়ে পড়লে আশপাশের বিভিন্ন এলাকা থেকেও মানুষ এটি দেখতে আসেন। পরে স্থানীয় ব্যবসায়ী নজরুল ১০ হাজার টাকায় কাঁঠালটি কিনে নেন।
কাঁঠালের মালিক মোবারক মিয়া বলেন, “আমার বাগানের গাছেই কাঁঠালটি ধরেছিল। শুরুতে ধারণাই করতে পারিনি এটি এত বড় হবে। পরে মানুষ দেখতে আসতে শুরু করলে বিষয়টি আলোচনায় আসে। অনেকেই কিনতে আগ্রহ দেখিয়েছিলেন। শেষ পর্যন্ত ১০ হাজার টাকায় বিক্রি করেছি।”
ক্রেতা নজরুল বলেন, “এত বড় কাঁঠাল জীবনে খুব কমই দেখেছি। ব্যতিক্রমী হওয়ায় কাঁঠালটি কিনেছি। এটি শুধু একটি ফল নয়, এলাকার মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতেও পরিণত হয়েছে। কাঁঠালটি বাড়িতে নেওয়ার পরও অনেক মানুষ দেখতে আসছেন। আমি এটি ভেঙে আত্মীয়-স্বজন ও আশপাশের মানুষকে খাওয়াব।”
সনমান্দি গ্রামের বাসিন্দা মহিউদ্দীন আহমেদ বলেন, “এত বড় কাঁঠাল এই অঞ্চলে সচরাচর দেখা যায় না। বিশাল এই ফলের ওজন ও আকৃতি নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছিল। কাছ থেকে দেখতে পেরে সবাই আনন্দিত।”
ছনকান্দা গ্রামের বাসিন্দা আরজু মিয়া বলেন, “খবর শুনে কাঁঠালটি দেখতে এসেছি। কাছ থেকে দেখে সত্যিই অবাক হয়েছি। ছবিতে যতটা বড় মনে হয়েছে, বাস্তবে তার চেয়েও অনেক বড়। এমন কাঁঠাল এই এলাকায় আগে কখনো দেখিনি।”

সোনারগাঁ প্রতিনিধি
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।








