ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ী ইউনিয়নের সরাতি গ্রামে কথিত এক মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় বাড়ির সামনে ‘মাদক ব্যবসায়ীর বাড়ি’ লেখা একটি সাইনবোর্ডও ঝুলিয়ে দেয় স্থানীয় জনতা। বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত আবুল (৫০) দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে এলাকাবাসীর অভিযোগ। তাদের দাবি, তার পরিবারের কয়েকজন সদস্যও এ কর্মকাণ্ডে সম্পৃক্ত। বড় ছেলে শাহআলমের (২৮) বিরুদ্ধে ইয়াবা বিক্রির অভিযোগ রয়েছে। এছাড়া স্ত্রী সাহানা (৩৮) বাড়িতে বসেই পুরো কার্যক্রম তদারকি করতেন বলেও অভিযোগ করেন স্থানীয়রা।

স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিনের ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবেই বৃহস্পতিবার দুপুরে এলাকাবাসী একত্রিত হয়ে ওই বাড়িতে ভাঙচুর চালায়। একই সঙ্গে বাড়ির সামনে ‘মাদক ব্যবসায়ীর বাড়ি’ লেখা একটি সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়।

স্থানীয় যুবক ইয়াসিন বলেন, “এটি কোনো ব্যক্তিগত প্রতিশোধ নয়; বরং ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করার প্রতিবাদ।”

এ বিষয়ে আঠারবাড়ী তদন্ত কেন্দ্রের ইনচার্জ মহিউদ্দিন বলেন, “আবুল নামের ওই ব্যক্তি মাদক ব্যবসার সঙ্গে জড়িত—এমন তথ্য আমাদের কাছে রয়েছে। তবে বাড়ি ভাঙচুরের বিষয়ে পুলিশ আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ পায়নি।”

প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোনো মামলা বা পরবর্তী আইনি পদক্ষেপের তথ্য পাওয়া যায়নি।

ইউ