উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীকাপ্তাইয়ের মিতিঙ্গাছড়ি গ্রাম হচ্ছে এসডিজি ভিলেজ

রাঙামাটির কাপ্তাই উপজেলার মিতিঙ্গাছড়ি গ্রাম আগামী ১০ আগস্ট ‘এসডিজি ভিলেজ’ হিসেবে উদ্বোধন করা হবে ছবি: ডেসটিনি প্রতিনিধি
আগামী ১০ আগস্ট রাঙামাটির কাপ্তাই উপজেলার ১ নম্বর চন্দ্রঘোনা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মিতিঙ্গাছড়ি গ্রামকে ‘এসডিজি ভিলেজ’ হিসেবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
একই অনুষ্ঠানে দেশের আরও দুটি গ্রামের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি মিতিঙ্গাছড়ি গ্রামকে আনুষ্ঠানিকভাবে এসডিজি ভিলেজ হিসেবে ঘোষণা করবেন।
বিষয়টি নিশ্চিত করেছেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হানুল ইসলাম। তিনি জানান, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নের অংশ হিসেবে সারাদেশে তিনটি গ্রামকে এসডিজি ভিলেজ হিসেবে উদ্বোধন করা হবে।
এর মধ্যে রয়েছে রাঙামাটির কাপ্তাই উপজেলার মিতিঙ্গাছড়ি গ্রাম, খুলনার দাকোপ উপজেলার পানখালী গ্রাম এবং দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার নাফানগর গ্রাম।
জানা গেছে, এসডিজির ১৭টি লক্ষ্য বাস্তবায়নের আলোকে মিতিঙ্গাছড়ি গ্রামে দারিদ্র্য বিমোচন, জলাবদ্ধতা নিরসন, মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ, স্বাস্থ্যসেবার উন্নয়ন, শিশু ও মাতৃমৃত্যুর হার হ্রাস, বিশুদ্ধ পানি ও স্যানিটেশন নিশ্চিতকরণ, নারীর ক্ষমতায়ন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ, কৃষি ও জীবিকার উন্নয়ন এবং ডিজিটাল সেবা সম্প্রসারণসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
সংশ্লিষ্টদের মতে, এসডিজি ভিলেজ হিসেবে মিতিঙ্গাছড়ি গ্রাম ঘোষণার মাধ্যমে এলাকাটির সার্বিক উন্নয়ন আরও গতিশীল হবে। পাশাপাশি এটি টেকসই উন্নয়ন বাস্তবায়নের ক্ষেত্রে দেশের অন্যান্য গ্রামের জন্য একটি অনুসরণযোগ্য মডেল হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।
ইউ

ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
© 2026 Daily Destiny. All rights reserved.







