বেনাপোল স্থলবন্দরে ১২ প্যাকেজ ইলিশ জব্দ: চলছে নিলামে তোলার প্রস্তুতি

ছবি: ডেসটিনি প্রতিনিধি
বেনাপোল স্থলবন্দরে মিথ্যা ঘোষণা দিয়ে আমদানি করা ঘোষণাবহির্ভূত ১২ প্যাকেজ ভারতীয় ইলিশ মাছ জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। জব্দকৃত মাছগুলো দ্রুত নিলামে তোলার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে কাস্টমস।
কাস্টমস সূত্রে জানা গেছে, গত ২২ জুলাই ভারত থেকে ‘স্বর্ণালী এন্টারপ্রাইজ’ নামে একটি আমদানিকারক প্রতিষ্ঠান ৪৬৪ প্যাকেজে মোট ২৬ হাজার ৩১০ কেজি (গ্রোস ওজন) এবং ১৩ হাজার ৮৬৪ কেজি (নিট ওজন) সাদা মাছ আমদানি করে।
চালানটির মেনিফেস্ট নম্বর ৪৪৬৮৯ এবং তারিখ ২২ জুলাই ২০২৬। এ চালানের সিঅ্যান্ডএফ এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করছে ‘সাউন্ড শিপিং লাইনস লিমিটেড’।
বেনাপোল কাস্টমসের সুপার আরিফুল ইসলাম জানান, আমদানিকৃত চালানটির কায়িক পরীক্ষা (ফিজিক্যাল এক্সামিনেশন) চলাকালে ঘোষণাকৃত সাদা মাছের পরিবর্তে ১২ কার্টনে (প্রায় ৩৬০ কেজি) ভারতীয় ইলিশ মাছ পাওয়া যায়। সাদা মাছের ঘোষণা দিয়ে ঘোষণাবহির্ভূত ইলিশ খালাসের চেষ্টা করা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানান, জব্দ করা ১২ কার্টন ইলিশ মাছ বর্তমানে কাস্টমসের হেফাজতে রয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে খুব শিগগিরই মাছগুলো নিলামে বিক্রি করা হবে।
এদিকে, বারবার মিথ্যা ঘোষণা দিয়ে ঘোষণাবহির্ভূত বা নিষিদ্ধ পণ্য আমদানির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে—এ বিষয়ে জানতে বেনাপোল কাস্টমসের সহকারী কমিশনার রাহাত হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
স্থানীয় ব্যবসায়ীরা এ ধরনের অনিয়ম প্রতিরোধে বেনাপোল বন্দরে কাস্টমসের নজরদারি আরও জোরদারের দাবি জানিয়েছেন।
ইউ








