দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের অঙ্গপ্রতিষ্ঠান মোজাম্মেল হক ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস-এর ডায়ালাইসিস ইউনিটে রোগীদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে জার্মানির তৈরি বি. ব্রাউন হেমোডায়ালাইসিস-এর অত্যাধুনিক তিনটি নতুন ডায়ালাইসিস মেশিন উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২২ জুলাই ২০২৬) জিয়া হার্ট ফাউন্ডেশন চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন মেশিনগুলোর উদ্বোধন করেন দিনাজপুরের সিভিল সার্জন ডা. মো. গোলাম রসুল রাখি।

উদ্বোধনী অনুষ্ঠানে সিভিল সার্জন বলেন, জিয়া হার্ট ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে এ অঞ্চলের হৃদরোগ ও কিডনি রোগীদের বিশ্বস্ততার সঙ্গে চিকিৎসাসেবা দিয়ে আসছে। নতুন ডায়ালাইসিস মেশিন সংযোজনের ফলে কিডনি রোগীরা আরও সহজে, দ্রুত এবং সাশ্রয়ী মূল্যে আধুনিক চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাবেন। তিনি হাসপাতাল কর্তৃপক্ষের এ জনকল্যাণমূলক উদ্যোগের প্রশংসা করেন।

অনুষ্ঠানে জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক একেএম আজাদ, যুগ্ম সম্পাদক ও মোজাম্মেল হক ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেসের সাধারণ সম্পাদক মো. আবু তাহের আবু, জিয়া হার্ট ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক ডা. মোহাম্মদ জিয়াউল হক জিয়া, কোষাধ্যক্ষ মো. আনোয়ারুল কবির, কার্যনির্বাহী সদস্য ডা. মো. হাফিজুল ইসলাম, মোজাম্মেল হক ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেসের সহকারী পরিচালক গোলাম রসুল রকেট, জিয়া হার্ট ফাউন্ডেশনের পাবলিক রিলেশন অ্যান্ড অ্যাসাইনমেন্ট অফিসার সৈয়দ শফিকুর রহমান পিন্টুসহ হাসপাতাল পরিচালনা পর্ষদের সদস্য, চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জিয়া হার্ট ফাউন্ডেশনের অঙ্গপ্রতিষ্ঠান মোজাম্মেল হক ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস উত্তরবঙ্গের অন্যতম সুপরিচিত কিডনি চিকিৎসাসেবা প্রতিষ্ঠান। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশা, জার্মানির তৈরি অত্যাধুনিক এই তিনটি বি. ব্রাউন হেমোডায়ালাইসিস মেশিন সংযোজনের ফলে দিনাজপুরসহ উত্তরাঞ্চলের দরিদ্র ও দূর-দূরান্ত থেকে আসা কিডনি রোগীরা আরও উন্নত ও মানসম্মত ডায়ালাইসিস সেবা পাবেন।

ইউ