রাবিপ্রবিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ছবি: ডেসটিনি প্রতিনিধি
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান/ইঞ্জিনিয়ারিং) প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীন বরণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১-এর কনফারেন্স কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী। তিনি নবাগত শিক্ষার্থী ও অভিভাবকদের শুভেচ্ছা জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয় জীবন একটি নতুন অধ্যায়ের সূচনা। এই সময়কে সঠিকভাবে কাজে লাগিয়ে জ্ঞান, দক্ষতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে শিক্ষার্থীদের নিজেদের গড়ে তুলতে হবে।
ভাইস-চ্যান্সেলর আরও উল্লেখ করেন, পড়াশোনার পাশাপাশি বিভিন্ন ক্লাব ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে নেতৃত্বগুণ ও সৃজনশীলতা বিকাশ করতে হবে। বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে নিজেদের দক্ষতা উন্নয়নে কোনো সীমাবদ্ধতা নেই উল্লেখ করে তিনি শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের বিধি-বিধান মেনে চলার এবং শিক্ষা ও গবেষণায় মনোযোগী হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ড. মুহাম্মদ রহিম উদ্দিন এবং সায়েন্স, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন ড. তৌহিদুল আলম। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ জুনাইদ কবিরের সভাপতিত্বে এতে বক্তব্য ও উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে ভাইস-চ্যান্সেলর নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন। পরবর্তীতে প্রক্টর ড. মো. ফখরুদ্দিন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক নীতিমালা, আচরণবিধি, প্রক্টরীয় বিধান, র্যাগিং ও বুলিং প্রতিরোধসহ বিভিন্ন নিয়মাবলী নিয়ে বিস্তারিত উপস্থাপনা করেন। নবীনদের পক্ষে অনুভূতি প্রকাশ করেন শিক্ষার্থী শুভদ্বীপ ভট্টাচার্য্য। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষার্থী রবিউল কাউসার ও আঁখি নাথ।
মূল পর্ব শেষে দ্বিতীয় পর্বে পাঁচটি বিভাগে পৃথকভাবে নবীনদের বরণ করা হয় এবং বিভাগীয় শিক্ষকরা কোর্স কারিকুলাম ও গ্রেডিং পদ্ধতি সম্পর্কে ওরিয়েন্টেশন প্রদান করেন।
উল্লেখ্য, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার মাধ্যমে রাবিপ্রবির পাঁচটি বিভাগে মোট ১৫০ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। এর মধ্যে সিএসই বিভাগে ৪২ জন, ম্যানেজমেন্টে ৪১ জন, ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সে ২০ জন, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টে ২৭ জন এবং ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্সেস টেকনোলজি বিভাগে ২০ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন।
ইউ

জাহাঙ্গীর, রাঙ্গামাটি প্রতিনিধি
© 2026 Daily Destiny. All rights reserved.







