শাহ্জালাল ইসলামী ব্যাংকের উদ্যোগে গফরগাঁওয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি

ছবি: ডেসটিনি প্রতিনিধি
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি'র গফরগাঁও, ময়মনসিংহ, ভালুকা কৃষি, হালুয়াঘাট ও করিমগঞ্জ শাখার যৌথ উদ্যোগে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) দিনব্যাপী উপজেলার শাঁখচুড়া উচ্চ বিদ্যালয়, আঠারোদানা বহুমুখী উচ্চ বিদ্যালয় এবং আল-জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম মার্কাজ মাদ্রাসা ও এতিমখানার প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি গফরগাঁও শাখার ব্যবস্থাপক মোহাম্মদ ইসহাকের সভাপতিত্বে আলোচনা সভা, বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ময়মনসিংহ জোনাল হেড ও ময়মনসিংহ শাখার ব্যবস্থাপক মো. হাবিবুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন ভালুকা এসএমই/কৃষি শাখার ব্যবস্থাপক আব্দুল্লাহ আল মামুন, করিমগঞ্জ শাখার ব্যবস্থাপক মুহাম্মদ নজরুল ইসলাম এবং হালুয়াঘাট শাখার ব্যবস্থাপক মো. মোস্তাফিজুর রহমান।
গফরগাঁও শাখার কর্মকর্তা মহিবুস সালেহীনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, আধুনিক ও শরিয়াহভিত্তিক ব্যাংকিং সেবা প্রদানের পাশাপাশি শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন শিক্ষা, স্বাস্থ্য, মানবিক সহায়তা ও সমাজকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
তারা আরও বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। পাশাপাশি বিদ্যালয় ও মাদ্রাসা প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপণ করা হয়।
অনুষ্ঠানে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা শাহ্জালাল ইসলামী ব্যাংকের এ পরিবেশবান্ধব উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানান।
ইউ

কে. এম. নাজমুল হুদা, গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
© 2026 Daily Destiny. All rights reserved.








