রূপালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপক আবদুল মজিদের ২৫ বছরের কারাদণ্ড

ছবি: ডেসটিনি প্রতিনিধি
দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা এক মামলায় লক্ষ্মীপুরের রামগতি বাজার শাখার রূপালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপক মো. আবদুল মজিদকে ২৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
একই সঙ্গে তাকে ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ১৮ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া জ্ঞাত আয়বহির্ভূত অর্জিত ১ কোটি ২৪ লাখ ১৫ হাজার ৫৪৩ টাকার সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছেন আদালত।
নোয়াখালীর বিশেষ জজ আদালতের বিচারক মো. শওকত আলী মঙ্গলবার (২১ জুলাই) এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত না থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়।
দণ্ডপ্রাপ্ত আবদুল মজিদ (৪৮) লক্ষ্মীপুর সদর উপজেলার কাফিলাতলী এলাকার মৃত আমিনুল হকের ছেলে। তিনি রূপালী ব্যাংক লিমিটেডের রামগতি বাজার শাখার ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালনকালে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগে অভিযুক্ত হন।
দুদক সূত্রে জানা যায়, ২০০৭ সালের ১৪ নভেম্বর থেকে ২০১৩ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত রামগতি বাজার শাখার ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালনকালে তিনি ব্যাংকের বিভিন্ন হিসাব থেকে অর্থ আত্মসাৎ করেন। এর মধ্যে এসটিডি হিসাব নম্বর-৪ থেকে ৪ লাখ ৬৫ হাজার ৭৯৮ টাকা, এসটিডি হিসাব নম্বর-৬ থেকে ৪৯ লাখ ৬১ হাজার ১১৭ টাকা এবং সরকারি কর্মচারীদের পেনশন বাবদ উত্তোলিত ১৬ লাখ ৩০ হাজার ২৩১ টাকা ব্যাংকে জমা না দিয়ে আত্মসাৎ করার অভিযোগ রয়েছে।
এছাড়া ব্যাংকিং নীতিমালা লঙ্ঘন করে আরও অর্থ আত্মসাতের মাধ্যমে মোট ৭০ লাখ ৫৭ হাজার ১৪৫ টাকা আত্মসাৎ করেন বলে তদন্তে উঠে আসে। পরবর্তীতে দুদকের তদন্তে তার বিরুদ্ধে সর্বমোট ১ কোটি ২৪ লাখ ১৫ হাজার ৫৪৩ টাকা আত্মসাতের প্রমাণ পাওয়া যায়।
নোয়াখালী দুদকের পিপি অ্যাডভোকেট মোহাম্মদ জহির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, তদন্ত শেষে তৎকালীন দুদকের উপসহকারী পরিচালক মো. হোসাইন শরীফ এবং সহকারী পরিচালক মোহাম্মদ আজগর হোসেন আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
বিচার শেষে আদালত দণ্ডবিধির ৪৬৭ ধারায় ১০ বছর, ৪০৯ ধারায় ১০ বছর এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় ৫ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। আদালতের নির্দেশ অনুযায়ী তিনটি ধারার সাজা একত্রে কার্যকর হবে, ফলে মোট ২৫ বছরের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
ইউ

গোলাম মহিউদ্দিন নসু, বিশেষ প্রতিনিধি
© 2026 Daily Destiny. All rights reserved.







