যশোর সীমান্তে বিজিবির অভিযান: মদ ও চোরাচালানি মালামাল জব্দ

ছবি: ডেসটিনি প্রতিনিধি
যশোর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ১৭ বোতল বিদেশি মদ, ৬৮ বোতল ভারতীয় এসকাফ (ESKUF) সিরাপ এবং বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৯ বিজিবি)। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৪৯ হাজার ৯০০ টাকা।
মঙ্গলবার (২০ জুলাই) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধীন আন্দুলিয়া বিওপি ও বেনাপোল আইসিপি এলাকার সীমান্তবর্তী বিভিন্ন স্থানে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এসব মাদক ও অবৈধ পণ্য জব্দ করা হয়।
বিজিবি সূত্র জানায়, উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে ১৭ বোতল বিদেশি মদ এবং ৬৮ বোতল ভারতীয় নেশাজাতীয় এসকাফ সিরাপ। এছাড়া চোরাচালানি পণ্যের মধ্যে ১৫টি শাড়ি, ১ কেজি জিরা, ৬০ কেজি ফুসকা, ১ দশমিক ৫ কেজি কিসমিস, ১৪৪টি আতর, ২৪০টি চকলেট এবং ২৩৬টি বিভিন্ন ধরনের প্রসাধনী সামগ্রী রয়েছে।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি বিশেষ পরিকল্পনার আওতায় গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম জোরদার করেছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযান পরিচালনা করে এসব মাদক ও চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে।
তিনি আরও বলেন, দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও চোরাচালান নির্মূলে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ইউ

মো. আনিছুর রহমান, বেনাপোল (যশোর)প্রতিনিধি
© 2026 Daily Destiny. All rights reserved.







