চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজন নিহত

ছবি: সংগৃহীত
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজন মারা গেছেন। মঙ্গলবার (২১ জুলাই) সকাল ৭টার দিকে সদর উপজেলার বারোঘরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—বাদুরতলা এলাকার ভিকুর স্ত্রী হাসিনা বেগম (৫২), তার ভাতিজি আশা খাতুন (২৬) এবং আশার মেয়ে মিম আক্তার (১৩)।
যেভাবে ঘটে দুর্ঘটনা
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে হাসিনা বেগম লোহার মই বেয়ে ঘরের ছাদে উঠছিলেন। মইটি কোনোভাবে আগে থেকেই বিদ্যুতায়িত হয়ে ছিল। মই বেয়ে ওঠার সময় হাসিনা বেগম বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় তাকে বাঁচাতে এগিয়ে গেলে তার ভাতিজি আশা খাতুন ও আশার মেয়ে মিম আক্তারও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
জেএস

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
© 2026 Daily Destiny. All rights reserved.










