আলিফ হত্যা মামলাচিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর, পরবর্তী শুনানি ২০ আগস্ট

ছবি: ডেসটিনি প্রতিনিধি
চট্টগ্রামের আলোচিত আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার সাক্ষ্যগ্রহণে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়েছে। রাষ্ট্রপক্ষের দ্বিতীয় সাক্ষী অ্যাডভোকেট শহিদুল আলম রাহাত আদালতে সাক্ষ্য দিতে গিয়ে একাধিকবার কান্নায় ভেঙে পড়েন।
সোমবার (২০ জুলাই) চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক ফজলে খোদা মোহাম্মদ নাজিরের আদালতে মামলার সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়। এদিন রাষ্ট্রপক্ষের দ্বিতীয় সাক্ষীর জবানবন্দি রেকর্ড করা হয়।
শুনানিতে চার্জশিটভুক্ত আসামি চিন্ময় কৃষ্ণ দাস ভার্চুয়ালি আদালতে যুক্ত হন। অন্য আসামিদের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
বাদীপক্ষের আইনজীবী ও আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, ঘটনার বর্ণনা দিতে গিয়ে সাক্ষী অ্যাডভোকেট শহিদুল আলম রাহাত বারবার আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন। তার কান্নায় আদালতকক্ষেও আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। এ সময় উপস্থিত অনেক আইনজীবীকেও আবেগাপ্লুত হতে দেখা যায়।
সাক্ষ্যগ্রহণ শেষে আসামিপক্ষ সাক্ষীকে জেরা শুরু করে। তবে জেরা শেষ না হওয়ায় চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী সময়ের আবেদন করেন। আদালত আবেদন মঞ্জুর করে জেরার পরবর্তী শুনানির জন্য আগামী ২০ আগস্ট তারিখ নির্ধারণ করেন।
একই শুনানিতে চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষ থেকে করা জামিন আবেদনও নামঞ্জুর করেন আদালত।
উল্লেখ্য, চট্টগ্রামের বহুল আলোচিত অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলাটি বর্তমানে দ্রুত বিচার ট্রাইব্যুনালে সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে।
ইউ

চট্টগ্রাম ব্যুরো
© 2026 Daily Destiny. All rights reserved.











