জমি আত্মসাতের অপচেষ্টা ও মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ছবি: দৈনিক ডেসটিনি
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
জমি আত্মসাতের অপচেষ্টা, প্রাণনাশের হুমকি এবং গনমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন কেরানীগঞ্জের ভুক্তভোগী এক হিন্দু পরিবারের সদস্যরা।
সোমবার ২০ জুলাই অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন অঞ্জন সেনগুপ্ত।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, সম্প্রতি হুমায়ূন, বিপ্লব ও শাকিল নামের তিন ব্যক্তি গণমাধ্যমে উক্ত পরিবারের বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও মানহানিকর তথ্য ছড়িয়েছেন। ভুক্তভোগীরা জানান, অভিযুক্ত এই তিন ব্যক্তির কাউকেই সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কোনো প্রকার পাওয়ার অব অ্যাটর্নি বা প্রতিনিধিত্বের অনুমতি দেওয়া হয়নি। তারা একটি সংঘবদ্ধ চক্রের অংশ হয়ে দীর্ঘদিন ধরে জমি আত্মসাতের চেষ্টা চালিয়ে আসছে।
লিখিত বক্তব্যে আরও পরিষ্কার করা হয় যে, পূর্বে কোনো আর্থিক লেনদেন ছাড়াই আলামিন নামের এক ব্যক্তির নামে পাওয়ার অব অ্যাটর্নি দেওয়া হয়েছিল। কিন্তু তিনি জমি বিক্রির কার্যক্রম সম্পন্ন করতে না পারায় আইনি প্রক্রিয়া মেনে কেরানীগঞ্জ দক্ষিণ সাব-রেজিস্ট্রার কার্যালয়ের মাধ্যমে সরকারি ফি পরিশোধপূর্বক তা বাতিল করা হয়। অভিযুক্তদের তোলা ঘুষ লেনদেন কিংবা কোটি টাকা প্রদানের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট।
ভুক্তভোগীরা উদ্বেগ প্রকাশ করে জানান, সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের হওয়ায় বর্তমানে তারা চরম নিরাপত্তাহীনতা, ভয়ভীতি এবং প্রাণনাশের হুমকির মধ্যে দিন কাটাচ্ছেন।
সংবাদ সম্মেলন থেকে অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানিয়ে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মানবাধিকার সংস্থাগুলোর কাছে সুষ্ঠু তদন্ত, পরিবারটির নিরাপত্তা নিশ্চিতকরণ এবং চক্রটির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জোরালো দাবি জানানো হয়।
জেএস

সোলায়মান সুমন
© 2026 Daily Destiny. All rights reserved.







