পাবনায় যুবলীগ নেতাকে আটকের জেরে থানা ঘেরাও, পরে মুক্তি

ছবি: সংগৃহীত
পাবনার ভাঙ্গুড়ায় নাশকতা মামলার সন্দেহভাজন হিসেবে আটক এক যুবলীগ নেতাকে ছাড়িয়ে নিতে থানায় বিক্ষোভ ও ঘেরাও কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী।
শুক্রবার (৩ জুলাই) দিবাগতগভীর রাতে প্রায় তিনশ গ্রামবাসী থানা চত্বরে জড়ো হয়ে তীব্র প্রতিবাদ জানালে একপর্যায়ে পুলিশ ওই নেতাকে তাদের জিম্মায় মুক্তি দেয়।
আটক যুবলীগ নেতার নাম রিপন সরকার। তিনি উপজেলার পার-ভাঙ্গুড়া ইউনিয়নের পাটুলিপাড়া গ্রামের হাবিবুর সরকারের ছেলে এবং স্থানীয় ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ভাঙ্গুড়া থানার পরিদর্শক (তদন্ত) আরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশ পাটুলিপাড়া গ্রাম থেকে নাশকতায় সম্পৃক্ততার সন্দেহে রিপন সরকারকে আটক করে।
এদিকে গ্রামবাসীর অভিযোগ, এলাকাটির একটি খাসজমি ও ছোট বাজার নিয়ে ইউনুস সরকার নামে এক ব্যক্তির সঙ্গে স্থানীয়দের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সরকারি জমি দখল করে ইউনুস সরকারের ঘর নির্মাণের প্রতিবাদে গ্রামবাসী সেটি ভেঙে সেখানে মাছের বাজার ও অটোরিকশা স্ট্যান্ড তৈরি করেন। এই বিরোধের জেরে ইউনুস সরকার গ্রামবাসীসহ রিপন সরকারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। এলাকাবাসীর দাবি, সেই বিরোধে সক্রিয় অবস্থানের কারণেই রিপনকে হয়রানিমূলকভাবে আটক করা হয়েছে।
রিপন সরকারকে আটকের খবর ছড়িয়ে পড়লে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে প্রায় তিনশ গ্রামবাসী ভাঙ্গুড়া থানায় গিয়ে ভিড় করেন। এসময় তারা তাকে আটকের কারণ নিয়ে প্রশ্ন তুলে বিক্ষোভ প্রদর্শন করেন। থানার ওসির সঙ্গে স্থানীয়দের উত্তপ্ত বাক্যবিনিময় হয়। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বিক্ষোভকারীদের থানা চত্বরের বাইরে সরিয়ে দেয়।
পরবর্তীতে স্থানীয় পাঁচজন প্রতিনিধিকে ওসির কক্ষে আলোচনার জন্য ডাকা হয়। আলোচনা শেষে জিজ্ঞাসাবাদে সংশ্লিষ্টতা না পাওয়ার অজুহাতে এবং গ্রামবাসীর চাপে রিপন সরকারকে তাদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম বলেন, "নাশকতার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে থানায় আনা হয়েছিল। তবে জিজ্ঞাসাবাদে তার সম্পৃক্ততা পাওয়া যায়নি। এছাড়া গ্রামবাসীর বিক্ষোভ ও দাবির প্রেক্ষিতে মুচলেকা নিয়ে তাকে তাদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।"
জেএস

Pavna Correspondent
© 2026 Daily Destiny. All rights reserved.






