লিঙ্গ বৈচিত্র্য জনগোষ্ঠীর সম্মানজনক কর্মসংস্থান নিশ্চিতকরণ এবং তাঁদের সাংবিধানিক ও মানবিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ঢাকার সাভারে অনুষ্ঠিত হয়ে গেল ‘লিঙ্গ বৈচিত্র্য জনগোষ্ঠীর উদ্যোক্তা ও চাকরি মেলা-২০২৬’।
বুধবার (২২ জুলাই) সকালে সাভার উপজেলা পরিষদ মিলনায়তনে তৃতীয় লিঙ্গ ও লিঙ্গ বৈচিত্র্য জনগোষ্ঠীর সদস্যদের সরাসরি অংশগ্রহণে এই বিশেষ মেলার আয়োজন করা হয়। দিনব্যাপী এ আয়োজনে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, উন্নয়ন সংস্থা এবং লিঙ্গ বৈচিত্র্য জনগোষ্ঠীর নিজস্ব উদ্যোক্তারা তাঁদের স্টল নিয়ে অংশ নেন। মেলায় চাকরির সরাসরি সুযোগ, পেশাগত দক্ষতা উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা তৈরির বিভিন্ন সেবা ও সুযোগ-সুবিধার তথ্য তুলে ধরা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ড. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। বক্তব্যে তিনি বলেন:
"সমাজের অন্যান্য সাধারণ নাগরিকের মতো লিঙ্গ বৈচিত্র্য জনগোষ্ঠীরও সুনির্দিষ্ট মর্যাদাপূর্ণ জীবনযাপন ও কর্মসংস্থানের পূর্ণ অধিকার রয়েছে। সরকার পর্যায়ক্রমে তাঁদের কর্মসংস্থানের সুযোগ আরও প্রসারে এবং সমাজে তাঁদের সমান অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাবে।"
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাইফুল ইসলাম। এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, সামাজিক সংগঠনের প্রতিনিধি, উন্নয়নকর্মী এবং লিঙ্গ বৈচিত্র্য জনগোষ্ঠীর অসংখ্য সদস্য আয়োজনে অংশ নেন।
আলোচনা পর্বে বক্তারা জোর দিয়ে বলেন, লিঙ্গ বৈচিত্র্য জনগোষ্ঠীকে সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে হলে মানসম্মত শিক্ষা, সময়োপযোগী দক্ষতা উন্নয়ন এবং সম্মানজনক কর্মসংস্থানের বিকল্প নেই। সমাজে বিদ্যমান দীর্ঘদিনের বৈষম্য দূর করে সমান সুযোগ নিশ্চিত করা গেলে তারাও দেশের সামগ্রিক অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ মেলায় অংশগ্রহণকারী উদ্যোক্তাদের বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং তাঁদের তৈরি পণ্য ও সৃজনশীল উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠান শেষে লিঙ্গ বৈচিত্র্য জনগোষ্ঠীর কর্মসংস্থান, সামাজিক অন্তর্ভুক্তি ও সার্বিক অধিকার নিশ্চিত করতে সরকার, বেসরকারি খাত এবং সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
ইউ