মধ্যপ্রাচ্যজুড়ে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনা এবং সংকট আরও ভয়াবহ রূপ নেওয়ার আশঙ্কায় বিশ্বব্যাপী অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য বিশেষ উচ্চ সতর্কতা (সর্বোচ্চ সতর্কতা) জারি করেছে যুক্তরাষ্ট্র। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পৃথিবীর যেকোনো প্রান্তে থাকা আমেরিকানদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
সোমবার (২০ জুলাই) মার্কিন পররাষ্ট্র দফতরের পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এই বার্তা জারি করা হয়। সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।
মার্কিন পররাষ্ট্র দফতরের সতর্কবার্তার প্রধান দিকসমূহ:
মধ্যপ্রাচ্যে অবস্থানরতদের জন্য তাগিদ: মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বর্তমানে যেসব আমেরিকান নাগরিক অবস্থান করছেন, তাদের অত্যন্ত সতর্ক ও সদা সজাগ থাকতে হবে। হঠাৎ ফ্লাইট বাতিল, সাময়িকভাবে আকাশসীমা বন্ধ হয়ে যাওয়া কিংবা যেকোনো ধরনের ভ্রমণ বিঘ্নিত হওয়ার পরিস্থিতির জন্য তাদের আগে থেকেই প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
ভ্রমণ পুনর্বিবেচনা: যেসব আমেরিকান বর্তমানে মধ্যপ্রাচ্যের বাইরে অবস্থান করছেন, তাদের এই অঞ্চলে ভ্রমণ করা অথবা মধ্যপ্রাচ্যের বিমানবন্দরগুলোকে ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার অনুরোধ জানানো হয়েছে।
সশস্ত্র গোষ্ঠীর হামলার আশঙ্কা: বিজ্ঞপ্তিতে গভীর উদ্বেগ প্রকাশ করে বলা হয়েছে, ইরানপন্থী বিভিন্ন সশস্ত্র বা রাজনৈতিক গোষ্ঠী যেকোনো সময় বিদেশের মাটিতে থাকা মার্কিন স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠান, কূটনৈতিক মিশন, অফিস কিংবা সাধারণ আমেরিকানদের ওপর হামলা চালাতে পারে।
উল্লেখ্য, সম্প্রতি মধ্যপ্রাচ্যের সংঘাতে একাধিক মার্কিন সেনা নিহত হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে কঠোর মূল্য দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। এর পরপরই বৈশ্বিক পরিসরে এই নিরাপত্তা সতর্কতা জারি করল মার্কিন প্রশাসন।
জেএস