দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সংস্কারের পরিবর্তে কুসংস্কারের জন্ম দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
শনিবার (২৫ জুলাই) রাতে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধান মহল এলাকায় এনসিপি আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ শেষে অনুষ্ঠিত পথসভায় তিনি এ মন্তব্য করেন।
বক্তব্যে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “তারেক রহমান দেশে ফেরার পর চাঁদাবাজি দুই থেকে তিনগুণ বেড়ে গেছে। আমরা তাকে সতর্ক করে বলতে চাই, বাংলাদেশ এখন বদলে গেছে। অতীতে গিয়াস উদ্দিন আল মামুনের সঙ্গে যেভাবে দুর্নীতি ও চাঁদাবাজি হয়েছিল, শহীদ আবু সাঈদের নতুন বাংলাদেশে সেসব আর চলতে দেওয়া হবে না।”
নির্বাচন ও পরবর্তী সংসদীয় কার্যক্রমের সমালোচনা করে তিনি বলেন, “দুইশ আসন পেয়ে জনগণের প্রত্যাশাকে উপেক্ষা করা হয়েছে। সংসদে চপ্পুকে এনে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। আমরা ভেবেছিলাম দেশ সংস্কারের পথে এগোবে, কিন্তু সালাহউদ্দিনের বক্তব্যে এখন দেশে কুসংস্কারের জন্ম দেওয়া হচ্ছে।”
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্সের প্রসঙ্গ টেনে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “গত ৫ আগস্টের পর আওয়ামী লীগের দোসররা হালুয়াঘাট সীমান্ত দিয়ে নিরাপদে ভারতে পালিয়ে গেছে। শুধু তাই নয়, শরীফ ওসমান হাদীর হত্যাকাণ্ডের অভিযুক্তরাও একই পথ ব্যবহার করেছে বলে অভিযোগ রয়েছে। এসব ঘটনার সঙ্গে সৈয়দ এমরান সালেহ প্রিন্সের কোনো সম্পৃক্ততা ছিল কি না, তা গভীরভাবে তদন্ত করে দেখা প্রয়োজন।”
পথসভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম, ময়মনসিংহ জেলা এনসিপির নেতা জসীম উদ্দিন, হালুয়াঘাট উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী আবু রায়হান, যুগ্ম সমন্বয়কারী ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম খান, জেলা সাংগঠনিক সম্পাদক হাসনাত হৃদয়সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।