খাগড়াছড়ির পানছড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও জনসংহতি সমিতির (জেএসএস) মধ্যে ভয়াবহ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এই গোলাগুলিতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন।
সোমবার (৬ জুলাই) দুপুরে উপজেলার চেঙ্গী ইউনিয়নের মধুমঙ্গল পাড়ায় এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে মধুমঙ্গল পাড়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাহাড়ের এই দুই আঞ্চলিক সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক গোলাগুলি শুরু হয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।
ঘটনার বিষয়ে পানছড়ি থানার ওসি মো. ফেরদৌস ওয়াহিদ বলেন, “আমরা দুপক্ষের মধ্যে গোলাগুলিতে তিনজন নিহত হওয়ার খবর পেয়েছি। মরদেহ উদ্ধার এবং এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও যৌথবাহিনীর সদস্যরা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছেন। আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং বিস্তারিত তথ্য পরে জানানো সম্ভব হবে।”
এদিকে, পাহাড়ের এই রক্তক্ষয়ী সংঘর্ষের বিষয়ে এখন পর্যন্ত ইউপিডিএফ বা জেএসএস—কোনো পক্ষেরই আনুষ্ঠানিক বক্তব্য বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এ ঘটনার পর থেকে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
জেএস