মাঠপর্যায়ে পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্যসেবা, কিশোর-কিশোরী স্বাস্থ্যসেবা, প্রজনন স্বাস্থ্য এবং নিরাপদ প্রাতিষ্ঠানিক প্রসব নিশ্চিতকরণে বিশেষ অবদান রাখায় গোপালগঞ্জ জেলার শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক নির্বাচিত হয়েছেন কাশিয়ানী উপজেলার বেথুড়ী ইউনিয়নে কর্মরত অনিমেষ চন্দ্র বিশ্বাস।
বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে গোপালগঞ্জ জেলা পর্যায়ে তাঁকে এ সম্মাননায় ভূষিত করা হয়। এ উপলক্ষে গত ১২ জুলাই জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর। জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, জেলা পরিষদ প্রশাসক শরীফ রাফিকউজ্জামান, সিভিল সার্জন ডা. আবু সাঈদ মো. ফারুক, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক মো. সোহেল পারভেজসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, অনিমেষ চন্দ্র বিশ্বাস দীর্ঘদিন ধরে বেথুড়ী ইউনিয়নের প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় সরকারি পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। তিনি মাঠপর্যায়ে দম্পতিদের পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণে উদ্বুদ্ধ করা, মা ও শিশুস্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি, কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য বিষয়ে পরামর্শ প্রদান এবং গর্ভবতী নারীদের নিরাপদ প্রাতিষ্ঠানিক প্রসবে উৎসাহিত করতে নিয়মিত কাজ করছেন।
এ ছাড়া পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্যসেবা বিষয়ে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে সচেতনতা বৃদ্ধিতে তাঁর সক্রিয় ভূমিকা রয়েছে। সেবাগ্রহীতাদের সঙ্গে সরাসরি যোগাযোগ, প্রয়োজনীয় পরামর্শ প্রদান এবং সরকারি স্বাস্থ্যসেবা গ্রহণে উদ্বুদ্ধ করার ক্ষেত্রে তাঁর আন্তরিকতা সংশ্লিষ্ট মহলে প্রশংসিত হয়েছে।
সম্মাননা প্রাপ্তির অনুভূতি ব্যক্ত করে অনিমেষ চন্দ্র বিশ্বাস বলেন, “মাঠপর্যায়ে পরিবার পরিকল্পনা, মা-শিশু ও কৈশোরকালীন স্বাস্থ্যসেবা কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে নিজের সর্বোচ্চ চেষ্টা করেছি। আজকের এই স্বীকৃতি আমার দায়িত্ববোধকে আরও বাড়িয়ে দিল। এ অর্জনের পেছনে যাঁদের দিকনির্দেশনা, সহযোগিতা ও অনুপ্রেরণা ছিল, সেই সকল ঊর্ধ্বতন কর্মকর্তা, সহকর্মী এবং কর্মক্ষেত্রের সর্বস্তরের মানুষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।”
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, “পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য এবং কৈশোরকালীন স্বাস্থ্যসেবা কার্যক্রমে অনিমেষ চন্দ্র বিশ্বাসের নিষ্ঠা, দায়িত্বশীলতা ও আন্তরিকতা অত্যন্ত প্রশংসনীয়। মাঠপর্যায়ে তাঁর নিরলস প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে এ সম্মাননা শুধু তাঁর ব্যক্তিগত অর্জন নয়, কাশিয়ানী উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের জন্যও গর্বের বিষয়।”
ইউ