নাহিদ রানার বিধ্বংসী বোলিংয়ে ১৪১ রানেই গুটিয়ে গেল জিম্বাবুয়ে

ছবি: সংগৃহীত
হারারে স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে বাংলাদেশের বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি স্বাগতিকরা। টাইগার স্পিডস্টার নাহিদ রানার আগুনে বোলিংয়ে মাত্র ১৪১ রানেই অলআউট হয়েছে জিম্বাবুয়ে।
ম্যাচে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। শুরুটা দুই ওপেনার বেন কারান ও ব্রায়ান বেনেট ভালো করলেও ৩৬ রানের মাথায় কারান রানআউট হয়ে ফিরে যান। এরপর তাসকিন আহমেদের বলে বেনেট এবং ক্রেইগ আরভিন দ্রুত আউট হলে চাপে পড়ে জিম্বাবুয়ে।
এরপরই শুরু হয় নাহিদ রানার দাপট। তিনি সিকান্দার রাজাকে আউট করে নিজের উইকেটের খাতা খোলেন। এরপর একে একে ওয়েসলি মাধেভেরে, ক্লিভ মাদান্দে, ইনোসেন্ট কাইয়া ও ব্র্যাড ইভান্সকে সাজঘরে ফেরান তিনি। দলের ৭০ রানের মাথায় ৮ উইকেট হারিয়ে ১০০ রানের আগেই অলআউট হওয়ার শঙ্কা জেগেছিল জিম্বাবুয়ে শিবিরে।
তবে নবম উইকেটে রিচার্ড এনগারাভা এবং নিউম্যান নিয়ামহুরির প্রতিরোধে দলটি একশ রানের গণ্ডি পার করে। শেষ পর্যন্ত ৪১ রান করা এনগারাভাকে বোল্ড করে এই জুটি ভাঙেন নাহিদ রানা। শেষ পর্যন্ত ১৪১ রানে থামে জিম্বাবুয়ের ইনিংস। নিয়ামহুরি ৫১ বলে ৩৩ রান করে মেহেদী হাসান মিরাজের শিকার হন।
ম্যাচে দুর্দান্ত বোলিং করে ৬ উইকেট শিকার করেছেন নাহিদ রানা। এছাড়া তাসকিন আহমেদ ২টি এবং অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ১টি উইকেট নিয়েছেন।
জেএস

স্পোর্টস ডেস্ক
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।






