ব্রাজিলের বিদায়ের হতাশায় কুড়িগ্রামে যুবক হাসপাতালে

ছবি: সংগৃহীত
বিশ্বকাপ ফুটবলে প্রিয় দল ব্রাজিলের বিদায়ের শোক সইতে না পেরে আলমগীর হোসেন (৩৫) নামের এক সমর্থক হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি কুড়িগ্রাম ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের কার্ডিওলজি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
রোববার (৫ জুলাই) দিনগত গভীর রাতে ব্রাজিল ও নরওয়ের মধ্যকার ম্যাচটি শেষ হওয়ার পর এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। আলমগীর কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের সরকারপাড়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, আলমগীর নিজ বাড়িতে বন্ধু ও এলাকার অন্যান্য সমর্থকদের সঙ্গে ম্যাচটি দেখছিলেন। খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায় নিশ্চিত হলে তিনি প্রবল মানসিক আঘাত পান। এর পরপরই বুকে তীব্র ব্যথা, অস্বস্তি ও শ্বাসকষ্ট অনুভব করে তিনি মেঝেতে পড়ে যান। স্বজনরা তাকে দ্রুত জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. নিসর্গ মেরাজ চৌধুরী জানান, “অতিরিক্ত আবেগ, মানসিক চাপ বা হঠাৎ তীব্র উত্তেজনা হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে, বিশেষ করে যাদের আগে থেকেই হৃদরোগ বা উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে”। তিনি আরও বলেন, “খেলাধুলা বিনোদনের বিষয় হলেও তা নিয়ে অতিরিক্ত মানসিক চাপ নেওয়া উচিত নয়”।
চিকিৎসকরা জানিয়েছেন, আলমগীর হোসেন বর্তমানে শঙ্কামুক্ত থাকলেও সম্পূর্ণ সুস্থতা নিশ্চিত করতে তাকে আরও কয়েকদিন নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে।
জেএস

কুড়িগ্রাম প্রতিনিধি
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।






