বিশ্বকাপের ব্যস্ততায়ও উষ্ণতা/আন্তোনেলাকে জর্জিনার বিশেষ উপহার

ছবি: সংগৃহীত
ফুটবল মাঠে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর চিরপ্রতিদ্বন্দ্বিতা চিরচেনা। কিন্তু মাঠের সেই প্রতিদ্বন্দ্বিতার আঁচ যে তাদের পারিবারিক জীবনে বিন্দুমাত্র প্রভাব ফেলেনি, তা আবারও প্রমাণ করলেন তাদের জীবনসঙ্গিনীরা। বিশ্বকাপের উত্তাপের মাঝে ক্রিশ্চিয়ানো রোনালদোর বান্ধবী জর্জিনা রদ্রিগেজ বিশেষ উপহার পাঠিয়েছেন লিওনেল মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোকে।
জানা গেছে, সম্প্রতি স্প্যানিশ মডেল জর্জিনা নিজের নতুন লাউঞ্জওয়্যার (পোশাক) ব্র্যান্ড ‘মিমোয়া’ বাজারে এনেছেন। নিজের এই নতুন উদ্যোগের পোশাক উপহার হিসেবে পাঠিয়ে আন্তোনেলার প্রতি ভালোবাসা ও সম্মান প্রকাশ করেছেন তিনি।
উপহার পেয়ে মুগ্ধ আন্তোনেলা রোকুজ্জো নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে উপহারসামগ্রীর একটি ছবি শেয়ার করে ধন্যবাদ জানিয়েছেন জর্জিনাকে। সেখানে আন্তোনেলা লিখেছেন, "অনেক ধন্যবাদ জর্জিনা রদ্রিগেজ। প্রতিটি জিনিসই দারুণ সুন্দর। তোমার এই নতুন পথচলায় অনেক সফলতা কামনা করছি।"
বিশ্বকাপের নকআউট পর্বের মহাগুরুত্বপূর্ণ লড়াইয়ের ঠিক আগমুহূর্তে দুই তারকার পরিবারের এমন সৌহার্দ্যপূর্ণ আচরণ ভক্তদের নজর কেড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে চলছে ইতিবাচক আলোচনা।
উল্লেখ্য, ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে নামার প্রস্তুতিতে এখন ব্যস্ত আর্জেন্টিনা ও পর্তুগাল। লিওনেল স্কালোনির আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে মিশরের। অন্যদিকে, শক্তিশালী স্পেনের বিপক্ষে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালকে। বিশ্বকাপের এমন চরম উত্তেজনার মাঝে দুই পরিবারের এই সৌজন্য বিনিময় ফুটবলপ্রেমীদের কাছে এক অনন্য দৃষ্টান্ত হয়ে রইল।
জেএস

স্পোর্টস ডেস্ক
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।





