২০১৮ সালের নির্বাচনে বিতর্কিত ভূমিকাযুগ্মসচিব পদমর্যাদার ৩২ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

ছবি: সংগৃহীত
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে (২০১৮ সাল) রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালনকারী তৎকালীন জেলা প্রশাসকসহ (ডিসি) যুগ্মসচিব পদমর্যাদার ৩২ জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।
সোমবার (২৭ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনগুলোতে উল্লেখ করা হয়েছে, এই কর্মকর্তাদের চাকরিকাল ২৫ বছর পূর্ণ হয়েছে এবং সরকার জনস্বার্থে তাদের সরকারি চাকরি থেকে অবসর দেওয়া প্রয়োজন বলে বিবেচনা করেছে। সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে তাদের চাকরি থেকে অবসর প্রদান করা হলো। বিধি অনুযায়ী এসব কর্মকর্তা যাবতীয় অবসরজনিত সুবিধাদি প্রাপ্য হবেন।
এর আগে গত ৫ জুলাই ২০১৮ সালের নির্বাচনে পুলিশ সুপারের (এসপি) দায়িত্বে থাকা বিসিএস ২০তম ব্যাচের ৩৩ কর্মকর্তাকেও চাকরির বয়স ২৫ বছর পূর্ণ হওয়ায় বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল। এছাড়া এর আগে ২০১৪ সালের বিতর্কিত নির্বাচনে দায়িত্ব পালনকারী ২২ ডিসিকে বাধ্যতামূলক অবসর দিয়েছিল সরকার। নির্বাচনকালীন বিতর্কিত ভূমিকার অভিযোগে প্রশাসনের বিভিন্ন স্তরে এই ধরনের প্রশাসনিক পদক্ষেপ অব্যাহত রয়েছে।
জেএস












