ঝালকাঠি সদর উপজেলার প্রখ্যাত পর্যটন কেন্দ্র ভীমরুলি পেয়ারা বাগান ও ভাসমান বাজারের পরিবেশ রক্ষা এবং জীববৈচিত্র্য সংরক্ষণে নতুন নির্দেশনা জারি করেছে উপজেলা প্রশাসন। এখন থেকে এ পর্যটন এলাকায় ডিজে সিস্টেম, লাউড স্পিকার ও উচ্চ শব্দের সাউন্ড সিস্টেম ব্যবহার এবং বড় ইঞ্জিনচালিত ট্রলার নিয়ে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

গত ২০ জুলাই ২০২৬ তারিখে ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেগুফতা মেহনাজ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা জারি করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ভীমরুলি পেয়ারা বাগান ও ভাসমান বাজার দেশি-বিদেশি পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি পর্যটনকেন্দ্র। এ এলাকার প্রাকৃতিক সৌন্দর্য, পরিবেশগত ভারসাম্য, স্থানীয় মানুষের স্বাভাবিক জীবনযাত্রা এবং বন্যপ্রাণীর নিরাপদ আবাসস্থল সংরক্ষণের স্বার্থে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, পর্যটন এলাকায় ডিজে সিস্টেম বা উচ্চ শব্দের কোনো সাউন্ড সিস্টেম ব্যবহার করা যাবে না। বাগানের স্বাভাবিক পরিবেশ ও ইকোসিস্টেম রক্ষায় বড় ইঞ্জিনচালিত ট্রলারের প্রবেশও নিষিদ্ধ করা হয়েছে। তবে পর্যটকদের ছোট ও মাঝারি আকারের ইঞ্জিনবিহীন নৌকা ব্যবহারের জন্য অনুরোধ জানানো হয়েছে।

এছাড়া খাবারের উচ্ছিষ্ট, পলিথিন, প্লাস্টিকসহ যেকোনো ধরনের বর্জ্য পানিতে ফেলা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। প্রতিটি নৌকায় অন্তত একটি ডাস্টবিন রাখা বাধ্যতামূলক করা হয়েছে। একই সঙ্গে পর্যাপ্ত লাইফ জ্যাকেট ও লাইফ বয়া রাখা, ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন না করা এবং নিরাপদ নৌযান চলাচল নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, অনুমতি ছাড়া পেয়ারা বাগানে প্রবেশ, পেয়ারা বা আমড়া গাছের পাতা ছেঁড়া সম্পূর্ণ নিষিদ্ধ। ইভটিজিং প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে পর্যটকদের শালীন আচরণ করার আহ্বান জানানো হয়েছে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি ভীমরুলির ভাসমান পেয়ারা বাজার ও বাগানকে পরিচ্ছন্ন, নিরাপদ ও পর্যটকবান্ধব রাখতে সকলের সচেতনতা ও সহযোগিতা কামনা করা হয়েছে।

ইউ