সোনারগাঁয়ে স্ট্যাম্পে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন এক যুবক

ছবি: ডেসটিনি প্রতিনিধি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়ার ঘোষণা দিয়েছেন মো. সুলতান মিয়া নামে এক যুবক। কর্মসংস্থানের নিশ্চয়তার শর্তে তিনি এই অপরাধমূলক পথ থেকে সরে আসার সিদ্ধান্ত নেন।
মঙ্গলবার (২১ জুলাই) সকালে উপজেলার জামপুর ইউনিয়নের বস্তল এলাকায় সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী আল মুজাহিদ মল্লিকের রাজনৈতিক কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি এই মুচলেকা দেন। এ সময় সুলতান মিয়ার সঙ্গে তাঁর মা, চাচী, স্ত্রী ও দুই সন্তান উপস্থিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, জামপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় সম্প্রতি মাদক কারবারি ও মাদকসেবীদের দৌরাত্ম্য আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পায়। ফলে উঠতি বয়সী শিক্ষার্থী ও যুবসমাজ মাদকের দিকে ঝুঁকে পড়ে এবং মাদকের টাকা জোগাড় করতে চুরি-ছিনতাইসহ নানা অপরাধে জড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিএনপি নেতা আল মুজাহিদ মল্লিক সামাজিক উদ্যোগ গ্রহণ করেন। তিনি বিভিন্ন স্থানে মাদকবিরোধী সমাবেশ করার পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে মাদক কারবারিদের আলোর পথে ফেরার আহ্বান জানান।
তার আহ্বানে সাড়া দিয়ে মীরেরবাগ গ্রামের আবুল হোসেনের ছেলে সুলতান মিয়া পরিবারসহ অফিসে এসে আনুষ্ঠানিকভাবে মাদক ছাড়ার অঙ্গীকার করেন। ঘটনাটি প্রত্যক্ষ করার সময় উপস্থিত ছিলেন জামপুর ইউনিয়ন জাসাস সভাপতি আলমগীর হোসেন, শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক মো. ইউসুফ, যুবদলের সিনিয়র সহ-সভাপতি রোকন ভুঁইয়া এবং সোনারগাঁ বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আব্দুর রহিম। এর আগে গত শনিবারও একই ইউনিয়নের বুরুমদী গ্রামের মাছুম ভূঁইয়া ও হাবিবুর রহমান পিয়ার নামে দুই ব্যক্তি একইভাবে মাদক ব্যবসা ছাড়েন।
নিজের অনুভূতির কথা জানিয়ে মো. সুলতান মিয়া বলেন, "মাদক ব্যবসা একটি অত্যন্ত নিন্দনীয় কাজ, সমাজ এটিকে কখনোই ভালো চোখে দেখে না। সঠিক কর্মসংস্থানের সুযোগ পেলে আমি আর কখনোই এ পথে যাব না।" তিনি আরও জানান, বিএনপি নেতা আল মুজাহিদ মল্লিক তাঁকে জীবিকা নির্বাহের জন্য একটি অটোরিকশা কিনে দেওয়ার আশ্বাস দিয়েছেন।
এ বিষয়ে বিএনপি নেতা আল মুজাহিদ মল্লিক বলেন, "মাদকসেবী ও কারবারিদের চিহ্নিত করে সঠিক পথে ফিরিয়ে আনার জন্য আমরা এই উদ্যোগ নিয়েছি। সুলতান মুচলেকা দিয়ে অন্ধকার পথ ছেড়েছেন, তাই তাঁর পরিবার চালানোর সুবিধার জন্য দুই-এক দিনের মধ্যে একটি অটোরিকশা কিনে তাঁর বাড়িতে পৌঁছে দেওয়া হবে।"
ইউ

সোনারগাঁ প্রতিনিধি
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।







