ঈশ্বরদীতে কোরআন শরীফ পোড়ানোর অভিযোগে মাদকাসক্ত গ্রেপ্তার

ছবি: ডেসটিনি প্রতিনিধি
পাবনার ঈশ্বরদীতে মাদকের টাকা না পেয়ে স্ত্রীর সঙ্গে বিরোধের জেরে পবিত্র কোরআন শরীফে আগুন দেওয়ার অভিযোগে জুয়েল রানা (৪০) নামে এক মাদকাসক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) বিকেলে পৌর এলাকার সাঁড়া গোপালপুর শেফালীপট্টিতে ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত জুয়েল রানা নাটোরের লালপুর উপজেলার লক্ষীপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। বর্তমানে তিনি শেফালীপট্টির রতনের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, জুয়েল রানা মাদক সেবনের জন্য স্ত্রীর কাছে টাকা চাইলে তিনি টাকা দিতে অস্বীকৃতি জানান। পরে জুয়েল ঘরের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে কোরআন শরীফের ভেতরে রাখা কিছু টাকা পান। এতে ক্ষিপ্ত হয়ে তিনি স্ত্রীকে মারধর করেন এবং পবিত্র কোরআন শরীফে আগুন দেন বলে অভিযোগ রয়েছে।
ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন সেখানে গিয়ে জুয়েল রানাকে আটক করেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে ঈশ্বরদী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশাদুর রহমান জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত জুয়েল রানাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ইউ

এস এম রাজা, ঈশ্বরদী (পাবনা)প্রতিনিধি
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।







