হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন তিন তরুণ। বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার জলসুখা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সন্ধ্যায় আজমিরীগঞ্জ-শাল্লা আঞ্চলিক মহাসড়কের জলসুখা ব্রিজের ওপর বিপরীত দিক থেকে আসা দুটি মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষটি এতই প্রচণ্ড ছিল যে ঘটনাস্থলেই তানভীর ঠাকুর নামে এক তরুণ মারা যান। গুরুতর আহত অবস্থায় আরও চারজনকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আবিদুল লস্কর ও অন্তরকে মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন- বানিয়াচং উপজেলার আমিরখানী এলাকার ফুল মিয়া ঠাকুরের ছেলে তানভীর ঠাকুর (১৮), একই উপজেলার নুরুল লস্করের ছেলে আবিদুল লস্কর (৩২) এবং আজমিরীগঞ্জ উপজেলার পাহাড়পুর গ্রামের চন্দনের ছেলে অন্তর (২৫)।

আহতরা হলেন- চুনারুঘাট উপজেলার শেখেরগাঁও গ্রামের শহিদুল ইসলাম বাচ্চু এবং থৈগাঁও গ্রামের মিজান মিয়া। তারা বর্তমানে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর হোসেন।

তিনি জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ চলছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিরাপদ সড়ক নিশ্চিত করতে এবং এমন অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে স্থানীয়রা মহাসড়কে গতি নিয়ন্ত্রণে আরও সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন।

জেএস