লাল কার্ডে স্বপ্নভঙ্গের কান্না এম্বোলোর

ছবি: সংগৃহীত
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের মহারণে সুইজারল্যান্ড ও আর্জেন্টিনার ম্যাচে সবচেয়ে নাটকীয় এবং আবেগঘন মুহূর্তের সাক্ষী হলো কানসাস সিটি। আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে রেফারি কার্ড দেখানোর পর মাঠেই কান্নায় ভেঙে পড়েন সুইস ফরোয়ার্ড ব্রিল এম্বোলো। তার এই বিদায় সুইজারল্যান্ডের স্বপ্নভঙ্গের বেদনায় পরিণত হয়।
ম্যাচের ৭০ মিনিটের দিকে আর্জেন্টিনার ডি-বক্সের ভেতর পড়ে গিয়ে পেনাল্টির আবেদন করেন এম্বোলো। মাঠের রেফারি জোয়াও পিনহেইরো প্রথমে আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেসকে হলুদ কার্ড দেখালেও, ভিএআর (VAR) প্রযুক্তি সেই সিদ্ধান্ত বদলে দেয়। রিপ্লেতে স্পষ্টভাবে দেখা যায়, পারেদেসের সঙ্গে কোনো সংঘর্ষের আগেই এম্বোলো মাটিতে পড়ে যান। রেফারি তার সিদ্ধান্ত পরিবর্তন করে পারেদেসের কার্ড তুলে নেন এবং ‘সিমুলেশন’ বা ডাইভ দেওয়ার দায়ে এম্বোলোকে দ্বিতীয় হলুদ কার্ড দেখান।
ম্যাচের প্রথমার্ধে একটি হলুদ কার্ড আগেই দেখেছিলেন এম্বোলো। ফলে দ্বিতীয় হলুদ কার্ডটি স্বয়ংক্রিয়ভাবে লাল কার্ডে রূপ নেয়। লাল কার্ডের সিদ্ধান্ত জানার পরপরই মাঠে হতাশায় ভেঙে পড়েন এই তারকা স্ট্রাইকার। মাঠের মধ্যেই তাকে অঝোরে কাঁদতে দেখা যায়। সতীর্থরা এগিয়ে এসে তাকে সান্ত্বনা দিয়ে মাঠের বাইরে নিয়ে যান।
নিজেদের প্রধান স্ট্রাইকারকে হারিয়ে সুইজারল্যান্ড ১০ জনের দলে পরিণত হলেও, তারা নির্ধারিত ৯০ মিনিট পর্যন্ত ১-১ সমতা ধরে রেখেছিল। তবে অতিরিক্ত সময়ের খেলায় আর্জেন্টিনার দুর্দান্ত আক্রমণের সামনে আর টিকতে পারেনি তারা। হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্তিনেজের গোলে ৩-১ ব্যবধানের জয় তুলে নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা।
ম্যাচ শেষে এম্বোলোর সেই অশ্রুসজল বিদায় নিয়ে ফুটবলপ্রেমীদের মধ্যে চলছে আলোচনা। একদিকে আর্জেন্টিনার জয়ের আনন্দ, অন্যদিকে একজন ফুটবলারের আবেগী বিদায়—কানসাস সিটির রাতটি ফুটবল ভক্তদের স্মৃতির পাতায় বিশেষ জায়গা করে নিল।
জেএস

স্পোর্টস ডেস্ক
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।










