শেখ হাসিনাকে দেশে ফিরে জেলেই যেতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ছবি: সংগৃহীত
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেখানেই আত্মসমর্পণ করুন না কেন, তাকে আইনের মুখোমুখি হয়ে জেলেই যেতে হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
সোমবার (১৩ জুলাই) দুপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনা আত্মসমর্পণ করলে তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তিনি ভারত বা বাংলাদেশ—যেখানেই আত্মসমর্পণ করুন, আইন অনুযায়ী তাকে অবশ্যই জেলে যেতে হবে।’
শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্য প্রচারের বিষয়ে জানতে চাইলে শামা ওবায়েদ বলেন, ‘দণ্ডপ্রাপ্ত আসামির বক্তব্য সরকারের আমলে নেওয়ার কিছু নেই। বাংলাদেশের আইন অনুযায়ী তার সাজা হয়েছে। আমাদের আইনি প্রক্রিয়া চলমান রয়েছে, এটি নতুন কোনো বিষয় নয়।’
ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের প্রসঙ্গ টেনে প্রতিমন্ত্রী বলেন, ‘সব বিষয়ে প্রকাশ্যে বিবৃতি দেওয়ার প্রয়োজন নেই। ভারতের সঙ্গে আমাদের যে নিয়মিত আলোচনা ও মতবিনিময় হয়, সেখানে এই বিষয়গুলো গুরুত্বসহকারে আলোচিত থাকে।’
বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে তিনি জানান, এ লক্ষ্যে কূটনৈতিক প্রক্রিয়া চলমান রয়েছে। সরকার তাকে ফিরিয়ে এনে বিচারিক কার্যক্রম সম্পন্ন করতে বদ্ধপরিকর বলেও জানান প্রতিমন্ত্রী।
জেএস

ডেসটিনি প্রতিবেদক
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।











