স্বাস্থ্যখাতে নিয়োগ দেয়া হবে ১ লাখ স্বাস্থ্যকর্মী: সংসদে স্বাস্থ্যমন্ত্রী

ছবি: সংগৃহীত
দেশের স্বাস্থ্যসেবা খাতের জনবল সংকট কাটাতে এবং সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত সেবা পৌঁছে দিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে।
সোমবার (১৩ জুলাই) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এ তথ্য জানিয়েছেন।
সংসদ সদস্য সাবিকুন্নাহারের প্রশ্নের জবাবে মন্ত্রী দেশের সরকারি হাসপাতালগুলোতে বিদ্যমান জনবল সংকটের ভয়াবহ চিত্র তুলে ধরেন। তিনি জানান, চিকিৎসক, নার্স ও মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীর বিপুলসংখ্যক পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে।
মন্ত্রীর দেওয়া তথ্যানুযায়ী, সরকারি হাসপাতালগুলোতে বিদ্যমান শূন্যতার চিত্র নিম্নরূপ:
চিকিৎসক: ৪১ হাজার ৮০৬টি অনুমোদিত পদের বিপরীতে ৯ হাজার ৪০৭টি পদ শূন্য।
নার্স: ৪৯ হাজার ৮৭৯টি অনুমোদিত পদের বিপরীতে ৪ হাজার ৫৭৭টি পদ শূন্য।
মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মী: ৬৫ হাজার ২৩০টি পদের বিপরীতে ১৮ হাজার ৯৪৭টি পদ শূন্য।
এর মধ্যে মাঠ পর্যায়ের পরিবার কল্যাণ সহকারী (এফডব্লিউএ) পদে ৮ হাজার ২৯৩টি এবং পরিবার কল্যাণ পরিদর্শিকা (এফডব্লিউভি) পদে ৩ হাজার ১৬১টি পদ ফাঁকা রয়েছে বলে মন্ত্রী উল্লেখ করেন। এছাড়া স্বাস্থ্য সহকারী (এইচএ) পদে ৬ হাজার ৯৫৩টি এবং সিএইচসিপি পদে ৫৪০টি পদ শূন্য রয়েছে।
জনবল সংকটের ভয়াবহতা স্বীকার করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, শূন্য পদে নিয়োগ একটি চলমান প্রক্রিয়া। চিকিৎসক সংকট দূর করতে ৪৫তম বিসিএস থেকে ৫০তম বিসিএস পর্যন্ত বিভিন্ন ধাপে মোট ৪ হাজার ১১৩ জন সহকারী সার্জন নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে। এছাড়া সিনিয়র স্টাফ নার্স নিয়োগের কার্যক্রমও বিপিএসসির মাধ্যমে এগিয়ে চলছে।
মিডওয়াইফ নিয়োগের বিষয়ে মন্ত্রী জানান, গত ১৯ এপ্রিল ১০ম গ্রেডের মিডওয়াইফ পদের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। বর্তমানে নির্বাচিতদের স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশনের কাজ চলছে, যা শেষ হলেই দ্রুত পদায়ন করা হবে।
সবশেষে মন্ত্রী ঘোষণা দেন যে, বিদ্যমান সংকট নিরসন ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সরকার শিগগিরই বড় আকারে ১ লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলে দেশের স্বাস্থ্যসেবা খাতে এক নতুন গতির সঞ্চার হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
জেএস

ডেসটিনি প্রতিবেদক
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।











