ভালোবাসার দাবী

ছবি: লেখক
ভালোবাসার দাবী
জামান সৈয়দী
আল্লাহ তোমার বান্দা কাটায় জেগে সারারাত
মাথার উপর চায় সে তোমার রহমতরে হাত।
তুমি দোয়া করছো কবুল বান্দা যদি জানতো
চোখের পাতা বন্ধ এবং হতো হৃদয় শান্ত।
রাজাধিরাজ আল্লাহ তোমার শরীক নেই তো কোন
তোমার মায়ার গোলাম ডাকে, ডাকটি যদি শোন-
এক নিমিষে বিপদ সকল পালিয়ে যাবে দূরে
জীবন ধন্য হবে কেবল তোমার দয়ার নূর।
সারাটাক্ষণ ডাকছে তোমায় রহমতের আশায়
পবিত্র আর সিক্ত হবে তোমার ভালোবাসায়।
বান্দা যদি করে আবার লক্ষ-কোটি ভুল
ক্ষমা করো, তোমার প্রেমে থাকে সে মশগুল।
রহমতের কোল ছাড়া সে, বড্ড নিরুপায়
কুদরতি পায় মাথা লুটায় তোমার ভীরুতায়।
বিচার দিনে চায় না বিচার একটু দয়া ছাড়া
তোমার রাজি-খুশির জন্যে হৃদয় পাগলপাড়া।
হাত তুলে সে চোখরে জলে করছে ফরিয়াদ
মাথায় রাখো কুদরতি ঐ রহমতের হাত।
তোমার দয়া পেলে বান্দার আর কি লাগে বলো
নদীর ঢেউয়ের মতো দু’চোখ করছে ছলোছলো।
চাওয়ার মতো চাইলে তো কেউ হয় না আশাহত
রহমতবাহী শীতল বাতাস পায় সে অবরিত।
জল-স্থলের অন্ধকারে দেখাও পথের দিশা
স্নেহ-ভালোবাসা দিয়ে মিটাও সকল তৃষা।
শান্তি-সুখের ফুল বাগানে দাও বানিয়ে ঘর
ঘরের খুঁটির পাথরখানি হয় যেনো মর্মৃর।
আল্লাহ তোমার মুঠোয় ভরা সব ক্ষমতার চাবী
পুরণ করো এই গোলামের ভালোবাসার দাবী।
জেএস

জামান সৈয়দী
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।







